দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ চমক দেখাল নামিবিয়া।

ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয় |নয়া দিগন্ত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ চমক দেখাল নামিবিয়া।

ঘরের মাঠে প্রোটিয়াদের ১৮ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এইডেন মার্করামদের সামনে নামিবিয়া যেন হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি নামিবিয়ার টানা দ্বিতীয় জয়। প্রোটিয়াদের বিপক্ষে নামিবিয়ার প্রথম টি-টোয়েন্টি জয়টি আসে ২০২৫ সালের অক্টোবরে, দুই দলের প্রথম দেখায়। সেই ম্যাচে ৪ উইকেটে জেতে নামিবিয়া।

শুক্রবার (২৮ আগস্ট) উইন্ডহুকে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে নামিবিয়া। জবাবে ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের বেশি করতে পারেনি।

দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য ভালো ছিল না। ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ডেওয়াল্ড ব্রেভিস ও রুবেন হারমান মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। হারমান ১২ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ব্রেভিস।

৫০ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেভিস। অভিষেক ম্যাচে ডুয়ান জানসেন ১৭ বলে অপরাজিত ২৫ রান করে আশা জাগালেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষ তিন ব্যাটারই শূন্য রানে আউট হলে ১৪৫ রানেই থামে তাদের ইনিংস।

নামিবিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন জেজে স্মিট। দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেন তিনি। স্মিট ও রুবেন ট্রাম্পেলম্যান মিলে নেন ৫ উইকেট। ম্যাচসেরা স্মিটের শিকার ৩ উইকেট।

এর আগে ব্যাট হাতে নামিবিয়াকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টিনকেম্প। উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ৪১ রান করে স্টিনকেম্প ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফ্রাইলিঙ্কও তুলে নেন দুর্দান্ত ফিফটি।

১৩ রানে জীবন পাওয়া এই ওপেনার ৩৮ বলে ৬০ রান করে আউট হন। তার বিদায়ের সময় নামিবিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ১১৬ রান। সেখান থেকেই হঠাৎ ব্যাটিং ধস নামে। মাত্র ১৭ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি দাঁড় করায় ১৬৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩টি এবং বিজর্ন ফরটুইন ও ডুয়ান জানসেন ২টি করে উইকেট নেন। তবে এই রানই তাদের জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠে।

উল্লেখ্য, এই জয়ে সাত ম্যাচের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করল নামিবিয়া। অন্যদিকে সিরিজের পরবর্তী ম্যাচে শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।