আবারো শঙ্কায় ভারত দলের বাংলাদেশ সফর। সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা থাকলেও, একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাচ্ছে ভারত। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি কার্যত বাতিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার পাঠানো এক চিঠিতে এসিবি জানিয়েছে, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।
এই সূচিতে খেলতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতি রয়েছে বলেও জানিয়েছে আফগান বোর্ড। আর তাতেই অনিশ্চয়তায় পড়ে যাচ্ছে ভারত দলের বাংলাদেশ সফরের পরিকল্পনা। কেননা একই সময়ে বাংলাদেশে আসার কথা ছিল ম্যান ইন ব্লুদের
ভারতের বিপক্ষে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজনের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ভারতের অন্তত একটি ম্যাচ বিসিবির প্রস্তাবিত সময়ের সাথে সরাসরি সাংঘর্ষিক।
ফলে নির্ধারিত সময়ের তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের সম্ভাবনা কার্যত শেষ হয়ে এসেছে। যদিও ক্রিকবাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করলেও কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক চিঠির পর ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো নতুন নির্দেশনা এলে পরিস্থিতি বদলে যেতে পারে।
এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্ধারিত তারিখ ও ভেন্যু নিশ্চিত করেই তারা চিঠি দিয়েছে।
এর মাধ্যমে সম্প্রচার স্বত্বাধিকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের অগ্রিম পরিকল্পনা, সময়সূচি, প্রযোজনা, ব্যয়, সরঞ্জাম বরাদ্দ ও প্রচারণামূলক কার্যক্রম এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হবে।
তবে বাংলাদেশ-ভারত সিরিজ বাতিলের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান আইটিডব্লিউ ইউনিভার্সের সহ-প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত। আফগানিস্তান সিরিজের সূচি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন-
‘এসিবি যদি খেলার সময়সূচি পরিবর্তনের কোনো বিষয় বিবেচনা করে থাকে, তবে সে বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। যদি সত্যিই এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়, তবে ভারতের সর্বত্র নতুন সূচনা, ভক্তি ও উদযাপনের দিন হিসেবে পরিচিত গণেশ চতুর্থীর সাথে এই ঐতিহাসিক সিরিজটিকে মিলিয়ে নেয়াটা হবে এসিবির পক্ষ থেকে অত্যন্ত বিবেচক ও সৌজন্যপূর্ণ পদক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত, কারণ এই প্রথমবার আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজের আয়োজন করছে। আমাদের বিশ্বমানের সহযোগীদের সাথে নিয়ে আইটিডব্লিউ ইউনিভার্স এই সিরিজের সম্প্রচারের দায়িত্বে থাকবে।’
সব মিলিয়ে, ভারতের বাংলাদেশ সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে নতুন সূচি চূড়ান্ত হওয়ার পর তা আরো স্পষ্ট হয়েছে। এখন শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত সিরিজ হবে কি না, সেদিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।



