শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে শেখ মেহেদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য শেখ মেহেদী হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বাংলাদেশ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।

নয়া দিগন্ত অনলাইন
শেখ মেহেদী হাসান
শেখ মেহেদী হাসান |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দলে যুক্ত করা হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানকে। তাকে নিয়েই অজিদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগামীকাল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের এই স্পিনারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শেখ মেহেদী বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলেছেন। তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে, যেখানে প্রতিপক্ষ ছিল এই অস্ট্রেলিয়াই।

লম্বা সময় পর তার ডাক পাওয়ার কারণ ব্যাখ্যা করেননি নির্বাচকরা। তবে ধারণা করা হচ্ছে আগের ম্যাচে মাথায় চোট পাওয়া অধিনায়ক মেহেদী মিরাজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

মিরাজ সুস্থ হয়ে বাসায় ফিরলেও ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে আছেন কিনা তা নিশ্চিত হবে আগামীকাল তৃতীয় ওয়ানডের সকালে। অধিনায়কের শারীরিক অবস্থা পর্যালোচনার পরই নেয়া হবে সিদ্ধান্ত।

তাই বিকল্প হিসেবে শেখ মেহেদীকে প্রস্তুত রাখছে বিসিবি। আগামীকাল রোববার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এখন নতুন মিশনে। অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের।

বাংলাদেশ স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।