জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে লিটন দাসকে। সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
তবে ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। দীর্ঘ বিরতির পর আবারো টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। ২০২৫ সালের মে মাসে আরব আমিরাতের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন শান্ত।
শান্তর সাথে দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। জায়গা হয়নি তাসকিন আহমেদ, নাহিদ রানা, নুরুল হাসান ও আবদুল গাফফার সাকলাইনের।
২০তম এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয় দল— হংকং, আফগানিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে। সেখান থেকে চার দল উঠবে নকআউট পর্বে।
বাংলাদেশের ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। এর আগে একই ভেন্যুতে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর হবে নারী ক্রিকেট ম্যাচ।
বাংলাদেশের ১৫ সদস্যের দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।



