অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়জন পেসার খেলাবে বাংলাদেশ?

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও মুশফিক হাসানকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। কয়জন পেসার খেলবে তা এখনও ঠিক হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ায় সফররত পেসাররা
অস্ট্রেলিয়ায় সফররত পেসাররা |সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ কতজন পেসার নিয়ে মাঠে নামবে, সেটিই এখন বড় প্রশ্ন। স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও ম্যাচের আগের দিন পর্যন্ত একাদশের বোলিং কম্বিনেশন চূড়ান্ত করেনি বাংলাদেশ।

তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও মুশফিক হাসানকে নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে দল।

ডারউইনের মারারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক রীতি অনুযায়ী ম্যাচের ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের একাদশে তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেজেলউডের সাথে আছেন পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

বাংলাদেশও কি চার পেসার নিয়ে মাঠে নামবে, নাকি তিন পেসারের সাথে চিরাচরিত দুই স্পিনারকে রেখে একাদশ সাজাবে—সেটি ম্যাচের দিনই পরিষ্কার হবে।

শান্ত বলেন, ‘উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা এত দিন দুই স্পিনারের সাথে তিন পেসার নিয়ে স্বাভাবিক কম্বিনেশন সাজিয়ে খেলেছি। তবে কন্ডিশন যাচাই করে আগামীকাল আরেকবার দেখে কন্ডিশন অনুযায়ী একাদশ সাজাব আমরা।’

পেস বিভাগে বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র নাহিদ রানাকে অবশ্য পাওয়া যাচ্ছে না। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তরুণ এই গতিতারকা। তার অনুপস্থিতি অনুভব করলেও বর্তমান পেস ইউনিটের ওপর পূর্ণ আস্থা রাখছেন শান্ত।

তিনি বলেন, ‘অবশ্যই নাহিদ রানাকে মিস করব। তবে এখন আসলে ‘যদি-কিন্তু’ নিয়ে চিন্তা করে লাভ নেই। খুবই দুর্ভাগ্যবশত নাহিদ রানা এখানে নেই। তবে যেই পেস ইউনিট এখানে আছে, আমি বিশ্বাস করি তারাও এই কন্ডিশনটা ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

পেস বিভাগে নাহিদের অভাব থাকলেও ব্যাটিংয়ে স্বস্তি হয়ে এসেছে লিটন দাসের ফেরা। চোট কাটিয়ে অভিজ্ঞ এই উইকেট কিপার-ব্যাটার ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট বলে জানিয়েছেন শান্ত। লিটনের ফেরায় বাংলাদেশের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে বলেও মনে করেন অধিনায়ক।

শান্ত বলেন, ‘লিটন ভাই আসায় অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা বাড়ছে। ওই জায়গায় ধারাবাহিকতা আছে তার। আগামীকাল থেকে যে টেস্ট ম্যাচটা হবে, সেখানে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করার আশা রাখছি। প্রস্তুতিটাও ভালো হয়েছে, এখানে যে কয়দিন আছি।’