এবার নাহিদ রানায় মাতলেন অজি ক্রিকেটাররা। প্রতিপক্ষ হয়েও মত্ত হয়েছেন তারা। সংবাদ সম্মেলনে প্রকাশ করলেন তার প্রতি মুগ্ধতা। এমনকি বিগ ব্যাশে খেলার টিকিটও দিয়ে দিয়েছেন অ্যালেক্স ক্যারি।
দুই দশকের বেশি সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জয় দেশকে এনে দিয়েছে আনন্দের উপলক্ষ। এই জয়ের নায়ক যদিও মোসাদ্দেক হোসেন, তবে বড় ভূমিকা আছে নাহিদ রানারও।
এই পেসার ৪১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ জুড়েই নাহিদের পেস বাউন্সে নাকাল হয়েছেন অজি ব্যাটাররা। তবে ম্যাচ শেষে নাহিদের প্রশংসা করে তাকে বিগ ব্যাশে খেলারও আমন্ত্রণ দিয়েছেন অ্যালেক্স ক্যারি।
ক্যারি বিগ ব্যাশে খেলেন অ্যাডিলেড স্টাইকার্সে। সেই দলে চাইলে নাহিদও খেলতে পারেন বলে মন্তব্য করেছেন ক্যারি। তিনি বলেন, আমার মনে হয় ওর গতি আছে ও স্পষ্টভাবেই বাউন্স রয়েছে।
‘অস্ট্রেলিয়ার উইকেটগুলোতেও বেশ বাউন্স থাকে। ওর মাঝে পছন্দ করার মতো অনেক প্রতিভা রয়েছে, নিশ্চিতভাবেই। ও চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে আসতেই পারে।’ যোগ করেন ক্যারি।
নাহিদ যে গতির ঝড় তুলবেন সেটা আগে থেকেই জানতেন অজি ব্যাটাররা। তবে মুখোমুখি হওয়ার আগে তারা বুঝতে পারেননি নাহিদ কতটা ভয়ঙ্কর হতে পারেন। এমনটা স্বীকার করে ছেন ক্যারি নিজেই।
ক্যারি বলেন, ‘ও দারুণ বোলিং করেছে। আমার মনে হয় আমরা সবাই ওর গতি সম্পর্কে জানতাম, তবে নিজে মুখোমুখি না হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি বোঝা যায় না। বেশ দীর্ঘদেহী একজন অ্যাথলেট সে ও সেই সাথে উইকেট থেকে বাউন্সও পাচ্ছিল।’
‘আমি বলব, ও সত্যিই খুব ভালো বোলিং করেছে। আগামী বৃহস্পতিবার ও রোববার পরের দুটি ওয়ানডেতে আমাদের ওর বিরুদ্ধে খেলার সুযোগ রয়েছে। আশা করি আমরা ওকে সিরিজের বাকি ম্যাচগুলোতে আটকে রাখতে পারব।’
ক্যারি আরো যোগ করেন যে, ‘আমরা ওর হাইলাইটস ও বোলিংয়ের ভিডিও দেখেছি। যখন দ্বিতীয় স্পেলে ফিরে এসেছিল, আমরা জানতাম কী হতে যাচ্ছে। কিন্তু আমরা প্রভাব বিস্তার করা থেকে আটকাতে পারিনি।’
‘তবে একজন ফাস্ট বোলারের কাছ থেকে এমন আগ্রাসী মনোভাব আপনি প্রত্যাশা করতেই পারেন। তাই আমি যেমনটা কয়েকবার বলেছি, আশা করি আগামী ম্যাচগুলোতে ওর এই ধারা বজায় রাখা রুখে দিতে পারব।’- বলেন তিনি।



