২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

সেবার পুরুষদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়। নারী পয়েন্টভিত্তিক সিরিজটি ৮-৮ সমতায় শেষ হয়।

নয়া দিগন্ত অনলাইন

২০২৩ সালের মতো ২০২৭ সালেও পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২৭ সালের ঐতিহাসিক পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইসিবি।

পুরুষ বিভাগে অ্যাশেজের প্রথম টেস্ট ১৮ জুন থেকে ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে শুরু হবে। দীর্ঘ ১২ বছর পর ট্রেন্ট ব্রিজে ফিরছে অ্যাশেজ টেস্ট। এরপর ৩০ জুন থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এজবাস্টনে ৮ জুলাই থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২১ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে চতুর্থ টেস্ট। প্রথমবারের মতো পুরুষ বিভাগের অ্যাশেজ টেস্ট হতে যাচ্ছে সাউদাম্পটনের রোজ বোলে। ২৯ জুলাই ওভালে শুরু হওয়া পঞ্চম টেস্ট দিয়ে শেষ হবে অ্যাশেজ সিরিজ।

পুরুষ বিভাগের পাশাপাশি ২৪ জুন হেডিংলিতে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে নারীদের অ্যাশেজ।

একমাত্র টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে নারীরা।

এর আগে, ২০২৩ সালে ঘরের মাঠে যৌথভাবে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করেছিল ইসিবি।

সেবার পুরুষদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়। নারী পয়েন্টভিত্তিক সিরিজটি ৮-৮ সমতায় শেষ হয়।

অ্যাশেজ ২০২৭ (পুরুষ) টেস্ট সূচি

১ম টেস্ট : ১৮-২২ জুন, ট্রেন্ট ব্রিজ, নটিংহাম

২য় টেস্ট : ৩০ জুন-৪ জুলাই, লর্ডস, লন্ডন

৩য় টেস্ট : ৮-১২ জুলাই, এজবাস্টন, বার্মিংহাম

৪র্থ টেস্ট : ২১-২৫ জুলাই, সাউদাম্পটন

৫ম টেস্ট : ২৯ জুলাই-২ আগস্ট, দ্য ওভাল, লন্ডন