দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থতার সাক্ষী হলো বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে আফিফ হোসেন, নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়দের দল।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই বাংলাদেশ ‘এ’ দলের সবচেয়ে বড় পরাজয়। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। এর আগে ২০০৮ সালে শ্রীলঙ্কার কাছে ৪৬৫ রানে হেরেছিল টাইগাররা।
প্রিটোরিয়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হাতে। প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালায় স্বাগতিকরা।
৬ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা ‘এ’। দলের হয়ে মার্কুইস আকারম্যান করেন ২৫৬ রান, আর সিনেথেম্বা কেশিলে করেন ২০০ রান। জোড়া ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যায়।
বাংলাদেশের বোলারদের মধ্যে এনামুল হক ২৩ ওভার বল করে ৯৮ রানে নেন ৩ উইকেট। আল ফাহাদ ও নাঈম হাসান পান একটি করে উইকেট। ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল।
কিন্তু সেখানেও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো অবস্থা ছিল আগের চেয়ে আরো ভয়াবহ। একাদশের আটজনই পারেননি দুই অঙ্কে যেতে। সর্বোচ্চ ৩০ রান করেন নাঈম শেখ।
এছাড়া মাহমুদুল হাসান জয় ১, শাহাদাত হোসেন ০, জাকির হাসান ৮, আফিফ হোসেন ৬ ও মাহিদুল অঙ্কন ১৮ রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে আমিনুল করেন ১৯ রান।
তাতে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আর ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।



