অনূর্ধ্ব-১৯ দলের কাছে হার অনূর্ধ্ব-২৩ দলের

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিল অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ৩৪ ও জাওয়াদ আবরার ২৬ রান করেন। তবে তিনে নামা আজিজুল হাকিম তামিম বড় ইনিংস খেলতে পারেননি। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
জিডি ট্রফিতে দারুণ জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল
জিডি ট্রফিতে দারুণ জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল |সংগৃহীত

গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে বয়সে ছোটদের কাছেই হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে আজিজুল হাকিম তামিমদের ৪ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ইনিংসে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন রবিউল হাসান অনিক। ৮২ বলের ইনিংসটি সাজানো ছিল বেশ কিছু বাউন্ডারিতে। ফারহান সাদিক করেন ২৯ রান, আহসান আল মুমিনের ব্যাট থেকে আসে ৩৭ রান। ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি করেন ৪০ রান।

অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩ উইকেট নেন। আজিজুল হাকিম ও আহরার আমিন পিয়ান নেন ২টি করে উইকেট।

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিল অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ৩৪ ও জাওয়াদ আবরার ২৬ রান করেন। তবে তিনে নামা আজিজুল হাকিম তামিম বড় ইনিংস খেলতে পারেননি। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

পরে কালাম সিদ্দিকী অলিন ৩২ ও রিজান হোসাইন ৪৪ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ২৬ বলে ১৬ রান করলেও সমীকরণ মেলাতে পারেননি।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৬ রান, হাতে ছিল একটি উইকেট। প্রথম বলে কোনো রান হয়নি। দ্বিতীয় বলে আসে ১ রান। তৃতীয় বলেই উইকেট হারিয়ে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। ফলে ২২২ রানেই থেমে যায় তাদের ইনিংস।

অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে ম্যাচের নায়ক আবদুর রহিম। ৪ উইকেট নিয়ে তিনি ভেঙে দেন অনূর্ধ্ব-২৩ দলের শেষ আশাটুকুও। আল রাফি ও তাফিউল আলম তামিম নেন ২টি করে উইকেট। এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক নেন একটি করে উইকেট।

শেষ পর্যন্ত ২২৬ রানের পুঁজি ৪ রানে রক্ষা করে জিডি ট্রফিতে দারুণ জয় তুলে নিলো অনূর্ধ্ব-১৯ দল।