সেপ্টেম্বরে নয়, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। দুই দেশের বহুল আলোচিত দ্বিপক্ষীয় সিরিজটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, সিরিজের সময়সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মাঝে আলোচনা চলছে। বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সময় চেয়েছে।
বিসিসিআইয়ের ওই সূত্রের ভাষায়, ‘জানুয়ারিতে বাংলাদেশ-ভারত সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের সাথে আলোচনা এখনো চলছে। বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সময় চেয়েছে।’
বাংলাদেশ সফরে ভারতের খেলার কথা ছিল ২০২৫ সালের আগস্টে। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ঢাকায় ও চট্টগ্রামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে সেপ্টেম্বরের সফর নিয়েও এখন পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যেই জানুয়ারিতে সিরিজ আয়োজনের নতুন সম্ভাবনার কথা সামনে এসেছে।
দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত জানুয়ারিতে বিসিবি ভারতের সফর ঘোষণা করার পর সম্পর্ক আরো উত্তপ্ত হয়।
পরে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল দল থেকে ছেড়ে দেয়ার ঘটনাও পরিস্থিতিকে আরো জটিল করে। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়।
বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার দাবি জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা অনুমোদন করেনি। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেয়া হয়।
তবে সাম্প্রতিক সময়ে দুই বোর্ডের সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এএনআই জানিয়েছে, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার পর সম্পর্ক উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে ভারত সফরে গিয়ে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সও পরিদর্শন করেছেন তামিম।
সব মিলিয়ে সেপ্টেম্বরে না হলেও আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনাই এখন জোরাল হচ্ছে।



