থিতু হয়ে গিয়েছিলেন লিটন দাস। ব্যাটেও আসছিল রান। তবুও কাঙ্ক্ষিত ফিফটি পেলেন না তিনি। পেতে দিলো না চোট। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
লিটনের পায়ের পেশীতে অস্বস্তি বোঝা যাচ্ছিল অনেক্ষণ ধরেই। শেষ পর্যন্ত মাঠ ছেড়েই উঠে যেতে হলো তাকে। তাতে মিরপুরে ওয়ানডে ফিফটি পাওয়ার অপেক্ষ বাড়ল লিটনের।
অভিষেকটা হয়েছিল মিরপুরেই, তাও এক দশক আগে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বেশিদূর যেতে পারেননি লিটন দাস। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।
১১ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম দেখেননি। কিন্তু ওয়ানডেতে মিরপুরের পিচে কখনোই ভাগ্য বদলাতে পারেননি এই ব্যাটার। অবিশ্বাস্য হলেও সত্য। তার কোনো ফিফটি নেই মিরপুরে।
২৮ ইনিংস খেলে সর্বোচ্চ ৭৩ বলে ৪৮ রান করেছেন আজই, অজিদের বিপক্ষে। মাঝে ২৭ ইনিংসে মাত্র ১৭ গড়ে করেছেন ৪৬০ রান। স্ট্রাইকরেটও কম, ৭০ ছুতে পারেনি এই মাঠে।
মিরপুরের পিচ যেমনই হোক, লিটন যেন এই ভেন্যুতে বারবার নিজের ছন্দ হারান। তবে আজ হয়তো সেই খরা কাটিয়ে উঠতে পারতেন, সেই পথেই ছিলেন। তবে মিরপুর আবারো আটকে দিয়েছে তাকে।
এই গেটলক সহজে বোধহয় খুলছে না। আজকেও ৫৩ বলে লিটনের রান ছিল ৪৩, সেখান থেকে ৭৩ বলে করেন ৪৮। অর্থাৎ পঞ্চাশ পেরোতে গিয়ে বেশ যেন দম বেড়িয়ে যাচ্ছিল লিটনের।
শেষ পর্যন্ত সেই ফিফটির দেখা পেলেন না। বোলাররা হয়তো তাকে আটকাতে পারেনি, তবে এবার চোট হয়েছে বাধা।
উল্লেখ্য, লিটন ফিরলেও দারুণ ব্যাট করছে বাংলাদেশ। ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ১৯৪ রান। ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয় (৫৩), ২৩ রানে ব্যাট করছেন মোসাদ্দেক।



