৮ দিনে দুই হ্যাটট্রিক, এবার ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে আট দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করেছেন ক্রকোম্ব। পুরষ্কারস্বরূপ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
পেসার ক্রকোম্ব
পেসার ক্রকোম্ব |নয়া দিগন্ত অনলাইন

মাত্র আট দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক—ক্রিকেট পাড়ায় আলোড়ন তৈরি করে দেন হেনরি ক্রকোম্ব। প্রথম শ্রেণির ক্রিকেটে তার এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পুরস্কারও মিললও দ্রুত। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সাসেক্সের ২৪ বছর বয়সী এই পেসারকে। এর আগে টেস্ট দলে ডাক পেলেও প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত ২৭ আগস্ট সমারসেটের বিপক্ষে হ্যাটট্রিক করেন ক্রকোম্ব। প্রতিপক্ষের প্রথম ইনিংসের শেষ তিন বলে টানা তিন উইকেট নেন তিনি। এরপর বৃহস্পতিবার এসেক্সের বিপক্ষেও হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

লাল বলের ক্রিকেটে দারুণ ধারাবাহিকতারই পুরস্কার পেলেন ক্রকোম্ব। গত জুনে সতীর্থ অলি রবিনসনের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে একাদশে জায়গা হয়নি তার।

এবার ডাক পেলে সাদা বলের ক্রিকেটে। তবে এই ফরম্যাটে এখনো ক্রকোম্বের পরিসংখ্যান লাল বলের মতো উজ্জ্বল নয়। ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ৪৯ উইকেট। ৩৫টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৪ উইকেট।

ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ অবশ্য জানিয়েছেন, পুরো গ্রীষ্মজুড়েই ক্রকোম্বের পারফরম্যান্সের ওপর নজর ছিল তাদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের আগে ইংল্যান্ড খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সেই দলে প্রথমবার ডাক পেয়েছেন গ্ল্যামরগনের ব্যাটসম্যান অ্যানাইরিন ডোনাল্ড। দুই দশকের মধ্যে গ্ল্যামরগনের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

২৯ বছর বয়সী ডোনাল্ড এখন পর্যন্ত ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন এক হাজার ২৩ রান। ১১১টি টি-টোয়েন্টিতে তার রান দুই হাজার ৪২৩, গড় ২৩.৯৯ ও স্ট্রাইক রেট ১৭০.৯৯। টি-টোয়েন্টিতে তার ফিফটি ১৮টি।

ডান পায়ের ঊরুর চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই ফিল সল্ট। তার জায়গাতেই দলে এসেছেন ডোনাল্ড। আর এই সপ্তাহের শুরুতে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় কোনো সিরিজেই খেলতে পারবেন না জ্যাকব বেথেল।

শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি হবে ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ওয়ানডে তিনটি ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ ও জশ টাং।

ইংল্যান্ডের ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও জশ টাং।