র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ, ব্যাট হাতে উন্নতি তামিমের

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী মিরাজ। ওয়ানডে অধিনায়ক ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮ নম্বরে। এ ছাড়া ৩২ নম্বরে আছেন তাসকিন আহমেদ।

নয়া দিগন্ত অনলাইন
নাহিদ রানা ও তানজিদ তামিম
নাহিদ রানা ও তানজিদ তামিম |সংগৃহীত

নাহিদ রানার গতি আগুনে পুড়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতেই দেখা দিয়েছেন বিধ্বংসী রূপে। আবারো তিনি উঠে এসেছেন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সারা দুনিয়া যখন মত্ত নাহিদ রানাকে নিয়ে, তখন আইসিসি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন তরুণ এই পেসার। বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি।

যথারীতি বুধবার দুপুরে ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে নাহিদ ছাড়াও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নেন নাহিদ। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সেরা বোলিং ফিগারের রেকর্ড।

এমন পারফরম্যান্সের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে উঠে গেছেন নাহিদ। তার নামের পাশে রয়েছে ৫৩৫ রেটিং পয়েন্ট। র‍্যাঙ্কিং ও রেটিং- দুটিই নাহিদের ক্যারিয়ার সেরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে নাহিদের ওপরে রয়েছেন শুধু মেহেদী মিরাজ। ওয়ানডে অধিনায়ক ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮ নম্বরে। এ ছাড়া ৩২ নম্বরে আছেন তাসকিন আহমেদ।

উন্নতি হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানেরও। ২ ধাপ এগিয়ে উঠেছেন ৩৭ নম্বরে। বোলারদের তালিকায় সবার ওপরে আফগানিস্তানের রশিদ খান।

এদিকে গত ম্যাচে ৪৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠেছেন তানজিদ তামিম। একই ম্যাচে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত ২ ধাপ এগিয়ে উঠে এছেন ২৯ নম্বরে।

এই তালিকায় এক নম্বরে আছেন নিউ জিল্যান্ডের ড্যারেল মিচেল।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছেন মেহেদী মিরাজ। এখানে এক নম্বরে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।