জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ দল ঘোষণা, ৪ বছর পর ফিরলেন সৈকত-ইয়াসির

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন মোট ৩টি। লিটন, তাসকিন ছাড়াও দলে নেই শামীম হোসেন পাটোয়ারী।

নয়া দিগন্ত অনলাইন
মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি চৌধুরি
মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলি চৌধুরি

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। একই সময়ে শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন তিনি।

বুধবার (১ জুলাই) ঘোষিত ওই দলের অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের মতো এবারো দলকে নেতৃত্ব দেবেন তিনি।

এ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাসকিন আহমেদকে। লিটনের মতো এই অভিজ্ঞ পেসারকেও এলপিএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন জিম্বাবুয়েতে রয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আগামী ৬ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১৫ জুলাই থেকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন মোট ৩টি। লিটন, তাসকিন ছাড়াও দলে নেই শামীম হোসেন পাটোয়ারী।

তাদের জায়গায় এই সিরিজে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরি ও সাইফ উদ্দিন।

২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই সংস্করণে খেলেননি সৈকত। প্রায় পৌনে ৪ বছর পর তার সামনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ। একই টুর্নামেন্টে সবশেষ মূল জাতীয় দলে খেলেছিলেন ইয়াসির। তিনিও এখন ফেরার দ্বারপ্রান্তে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত মে মাসের সিরিজে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সাইফ উদ্দিন। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল থেকে বাদ পড়লেও, এক সিরিজ পরই আবার ডাক পেয়ে গেলেন পেস বোলিং এই অলরাউন্ডার।

আগামী ১৭ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। যেখানে গল টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে লিটন ও মেহেদী হাসান মিরাজের। আর জাফনা কিংসে তাসকিনের সঙ্গী হবেন সাকিব আল হাসান। এ ছাড়া হাসান মাহমুদকে নিয়েছে কলম্বো ক্যাপস।

এলপিএল খেলার অনাপত্তিপত্র পাওয়ার কারণেই টি-টোয়েন্টি সিরিজের বিবেচনায় ছিলেন না লিটন ও তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে এলপিএল খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

প্রায় তিন সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৮ আগস্ট। এরপর আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। নিশ্চিতভাবেই ওই সিরিজের আগে টেস্ট দলে ফিরবেন লিটন, তাসকিন, মিরাজ ও হাসান।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।