তানজিদ-ব্রুককে পেছনে ফেলে আইসিসির মাসসেরা গ্রিভস

প্রথমবারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতলেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।

নয়া দিগন্ত অনলাইন
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস |নয়া দিগন্ত অনলাইন

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

জুলাইয়ে এই ক্যারিবীয় অলরাউন্ডার দুইটি টেস্ট খেলেন। যেখানে গ্রিভসের ব্যাট থেকে এসেছে ২১৫ রান, গড় ৭১.৬৬। বল হাতেও ছিলেন দুর্দান্ত—নিয়েছেন ৮ উইকেট, বোলিং গড় মাত্র ১০.২৫। তার এমন অলরাউন্ড পারফরম্যান্সই তাকে মাসসেরার পুরস্কার এনে দিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন গ্রিভস। এরপর পাকিস্তানের বিপক্ষে তারৌবা টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে আরো ২ উইকেট শিকার করেন।

মাসসেরার দৌড়ে গ্রিভসের সাথে ছিলেন তানজিদ তামিম ও হ্যারি ব্রুক। জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ে তিন ওয়ানডেতে ১৫৯ রান ও তিন টি-টোয়েন্টিতে ১৪০ রান করেন তানজিদ। দুই সিরিজ মিলিয়ে তার সংগ্রহ ছিল ২৯৯ রান।

অন্যদিকে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন ব্রুক। তার ব্যাটিং গড় ছিল ১১৪.৫০, স্ট্রাইক রেট ২১৪.০১। সিরিজসেরার পুরস্কারও জেতেন ইংলিশ অধিনায়ক।

তবে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে গ্রিভসের অসাধারণ পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাকে এগিয়ে দেয়। প্রথমবারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতলেন এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।