ছয় বছর আগে যেখানে স্বপ্ন ছুঁয়েছিলেন বিশ্বকাপের ট্রফি হাতে, সেই পচেফস্ট্রুমেই ব্যাট হাতে আরো একটি বড় মাইলফলক স্পর্শ করলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। পুরোনো মাঠে যেন নতুন গল্প লিখলেন হৃদয়।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তার ব্যাটে শুধু বড় রানই আসেনি, এসেছে ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোরও শক্ত বার্তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে যে ছিলেন না তিনি।
২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন হৃদয়। ছয় বছর পর একই মাঠে ফিরে এবার খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। তাতে দলও লড়াই করছে দারুণভাবে।
আজ বুধবার তৃতীয় দিনের পুরোটা সময় ব্যাট হাতে হৃদয় দেখিয়েছেন অসাধারণ ধৈর্য, নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস। একবারের জন্যও প্রতিপক্ষকে বড় কোনো সুযোগ দেননি। শেষ পর্যন্ত দিনের একেবারে শেষ দিকে ৩৩৫ বলে দুই শ’ রানের মাইলফলকে পৌঁছে যান তিনি।
হৃদয়ের ব্যাটে ভর করে দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ৪৭১ রান তুলেছে। তবে এখনো দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চেয়ে ৪১ রানে পিছিয়ে আছে। স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছিল ৫১২ রান।
হৃদয়ের সাথে দিনের শুরুটা করেছিলেন জাকের আলী। ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা হৃদয় প্রথম সেশনেই তুলে নেন সেঞ্চুরি। হৃদয়-জাকেরের জুটিতে ৮২ রান যোগ করে বাংলাদেশ ‘এ’ দল।
জাকের অবশ্য সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থেমে যান। তার ব্যাট থেকে আসে ১৬৮ বলে ৯৪ রান। এরপর হৃদয়ের সাথে জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০২২ সালের পর প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নেমেই সাইফউদ্দিন করেন ১৭১ বলে ৮৭ রান।
দিনের শেষ দিকে সাইফ বিদায় নিলেও হৃদয় ৩৩৯ বলে ২০৪ রানে অপরাজিত থাকেন।



