শক্তিশালী দল নিয়ে ডব্লিউসিএলে মাহমুদউল্লাহরা

মাহমুদউল্লাহর নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) শক্তিশালী দল নিয়ে ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) খেলবে বাংলাদেশ
প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) খেলবে বাংলাদেশ |সংগৃহীত

মাঠে ফিরে আসছেন একঝাঁক কিংবদন্তি। একসময় বাংলাদেশের ক্রিকেট মাতানো মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেনদের দেখা যাবে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে।

সাবেক তারকাদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। তারকাসমৃদ্ধ দলটির নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ডব্লিউসিএলের নতুন আসর। আর বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অভিযান শুরু হবে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই দলের সেই লড়াই।

লিগ পর্বে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। পাকিস্তানের পর ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে হবে।

এবারের আসরে বাংলাদেশসহ মোট সাতটি দল খেলবে। বাকি ছয় দল হলো ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে।

এরপর পয়েন্ট তালিকার সেরা চার দল পাবে সেমিফাইনালের টিকিট। ১৬ অক্টোবর শারজাহতে হবে দুটি সেমিফাইনাল, আর ১৮ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

অভিষেক আসরেই অবশ্য অভিজ্ঞতায় পিছিয়ে নেই বাংলাদেশ। মাহমুদউল্লাহর সাথে দলে আছেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র ও আবু হায়দার রনি।

জাতীয় দলের হয়ে খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকা এসব ক্রিকেটারের ওপরই থাকবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের মূল ভরসা। বিশেষ করে মাহমুদউল্লাহ ও আশরাফুলের উপস্থিতি বাড়িয়েছে দলের আকর্ষণ।

দুজনই বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ সময়ের পরিচিত মুখ। তাদের সাথে নাসির, ইমরুল, রুবেলদের মতো ক্রিকেটাররা যোগ হওয়ায় পুরোনো দিনের তারকাদের আবার একসাথে মাঠে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

ডব্লিউসিএলের গত আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ১৯৬ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে ৯ উইকেটের জয় পেয়েছিল তারা। এবার সেই প্রতিযোগিতায় নতুন দল হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ।

তাই প্রথম আসরেই মাহমুদউল্লাহদের সামনে চ্যালেঞ্জটা বড়। তবে অভিজ্ঞতার ভারে সমৃদ্ধ দলটি নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। আর শুরুতেই পাকিস্তানকে হারাতে পারলে সেটি শুধু জয়ই হবে না, পুরো টুর্নামেন্টের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ঘোষিত দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র ও আবু হায়দার রনি।