লাহোরে ইন্টার-স্কুল টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় খেলোয়াড়রা
পাকিস্তান যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় খেলোয়াড়রা |সংগৃহীত

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য প্রথম এইচিসন আন্তর্জাতিক ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এইচিসন কলেজের ১৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ২০ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়ার জন্য স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় পারফরমেন্স করা ১৪ জন প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে নির্বাচিত করেছে বিসিবি।

পাকিস্তান যাওয়ার আগে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেয় খেলোয়াড়রা।

বাংলাদেশ ছাড়াও, এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের কম্বাইন্ড স্কুল এবং পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল হাই স্কুল, দ্য সিটি স্কুল, বিকনহাউস স্কুল সিস্টেম এবং হাবিব পাবলিক স্কুল অংশগ্রহণ করবে।

২২ জুন আইচিসন কলেজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। পরদিন, হাবিব পাবলিক স্কুলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সরকারি মুসলিম মডেল হাই স্কুলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

২৬ জুন সেমিফাইনাল এবং ২৮ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের স্কোয়াড : নাঈম হাসান সবুজ, কাবিদ আল সিয়াম, অদ্রিত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাঈদ এমডি রাফিন, জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাব্বির, স্বপ্ন দাস, আশরাফুল ইসলাম।