লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত ইমাম

প্রথম ইনিংস থেকে ১৮০ রানের লিড পায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ৩৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশরা।

নয়া দিগন্ত অনলাইন
ইনজুরিতে আক্রান্ত ইমামুল হক
ইনজুরিতে আক্রান্ত ইমামুল হক |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বাঁ-পায়ের মাংসপেশিতে গ্রেড-১ ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের বাকি অংশে পাকিস্তানের ওপেনার ইমাম উল হকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইমামকে ১০ দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ইমামের ইনজুরি বিষয়ে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় বাঁ-পায়ের মাংসপেশিতে টান লাগে ইমামের। পরবর্তীতে স্ক্যানে পায়ের পেশিতে স্ট্রেইন ধরা পড়ে। লর্ডসে টেস্টের বাকি অংশে ইমামের খেলার সম্ভাবনা খুবই কম।’

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ইমাম। ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৮ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংস থেকে ১৮০ রানের লিড পায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ৩৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশরা।