স্টেডিয়ামে লাগানো হবে ছাউনি, ক্রিকেটারদের জন্য কেনা হচ্ছে বাস

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পূর্ব গ্যালারিতে প্রথমবারের মতো ছাউনি স্থাপন, সুইমিং পুল ও আধুনিক জিম নির্মাণসহ নানা সংস্কারকাজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের জন্য নিজস্ব টিম বাস কেনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |সংগৃহীত

খেলা দেখতে এসে বেশ দুর্ভোগ পোহাতে হয় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দর্শকদের। গ্যালারির এই প্রান্তে ওপরে ছাউনি না থাকায় রোদ কিংবা বৃষ্টি- সব সময়ই দূর্গতিতে পড়তে হয়।

দর্শকদের সেই কষ্ট অবশেষে দূর হতে চলেছে। গ্যালারির এই অংশে প্রথমবারের মতো বসছে ছাউনি। তাতে স্টেডিয়ামের কোনো অংশ আর ছাউনিবিহীন থাকছে না। ফলে প্রিয় দলকে সমর্থন দিতে সমস্যা হবে না।

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য একটি সুইমিং পুল নির্মাণ ও আধুনিক জিমনেসিয়াম নির্মাণ সংশ্লিষ্ট ব্যয় অনুমোদন করেছে বোর্ড।

মিরপুরে যে জিম এখন ব্যবহার করেন ক্রিকেটাররা, সেটি বেশ পুরোনো হয়ে গেছে এবং আধুনিক সময়ের থেকে অনেক পিছিয়ে আছে। আর সুইমিং পুল নির্মাণের ভাবনা বিসিবির অনেক বছরের।

সাধারণ গ্যালারিগুলোর টয়লেটগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে স্টেডিয়ামের মূল দু’টি ড্রেসিং রুম, ডাইনিং রুম ও মাঠের ভিউয়িং অ্যারেনা সংস্কারের বাজেটও অনুমোদন করা হয়েছে সভায়।

বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টের সময় জাতীয় দলের জন্য সাধারণত বাস ভাড়া করে থাকে বিসিবি। যার জন্য প্রতিদিন খসাতে হয় মোটা অঙ্কের অর্থ। এমতাবস্থায় খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বিসিবি।

জাতীয় দলের জন্য একটি টিম বাস কেনার অনুমোদন হয়েছে এই সভায়। ফলে ভাড়া বাস নিয়ে আর চলতে হবে না লিটন-তাসকিনদের।