সাধারণত মার্চ-এপ্রিলে মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে এবার দৃশ্যপট ভিন্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি এগিয়ে আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের ডিপিএল। বিসিবির বরাতে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবারের ডিপিএল। টুর্নামেন্ট চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
যদিও সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি বা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে জানা গেছে, আগামী আসরে ঢাকার পাঁচটি ভেন্যুতেই হবে এবারের ডিপিএলের ম্যাচ।
শুধু সময় নয়, এবার দলগুলোর আর্থিক সহায়তাতেও পরিবর্তন আসছে। ডিপিএলে অংশ নেয়া প্রতিটি দলকে বিসিবি দেবে ২৫ লাখ টাকা করে। এর আগে এই অর্থের পরিমাণ ছিল ১৫ লাখ টাকা।
ডিপিএলের আগে অবশ্য ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি রয়েছে। শিগগির শুরু হবে কোয়ালিফাইং পর্বের খেলা। এরপর পর্যায়ক্রমে মাঠে গড়াবে প্রথম বিভাগ ও টি-টোয়েন্টি, দ্বিতীয় বিভাগ ও টি-টোয়েন্টি।
এসব আয়োজন শেষে ফেব্রুয়ারিতে শুরু হবে ডিপিএল। এরপর অনুষ্ঠিত হবে তৃতীয় বিভাগের খেলা। তবে এখন অপেক্ষা বিসিবি ও সিসিডিএমের আনুষ্ঠানিক সূচি ঘোষণার।



