পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের ভক্তদের জন্য এলো দুটি দারুণ সুখবর। একটি হলো- ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি এই পেসার।
শুক্রবার (১০ জুলাই) ডেইলি জংগ জানিয়েছে, দ্য হান্ড্রেডের দল ট্রেন্ট রকেটসের হয়ে খেলবেন আমির।
দলে চোটগ্রস্ত ক্রিকেটার ডেভিড পেইনের পরিবর্তে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আসন্ন আসরে ইংলিশ কন্ডিশনে আবারো নিজের বোলিং নৈপুণ্য দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সম্প্রতি ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় (লোকাল) খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন মোহাম্মদ আমির। এর ফলে দেশটিতে তিনি আর বিদেশী (ওভারসিজ) ক্রিকেটার হিসেবে নয়; বরং স্থানীয় ক্রিকেটার হিসেবেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
এটি ট্রেন্ট রকেটসের জন্য যেমন স্কোয়াড নির্বাচনে বাড়তি সুবিধা এনে দেবে, তেমনি আমিরের জন্যও ইংল্যান্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত খেলার নতুন সুযোগ তৈরি করবে।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সুইং ও গতির জন্য পরিচিত আমির বর্তমানে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন। এবার দ্য হান্ড্রেডে তার অন্তর্ভুক্তির খবরে উচ্ছ্বসিত পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরাসহ বিশ্বব্যাপী তার অসংখ্য ভক্তরাও।
সূত্র : ডেইলি জংগ



