হেনরির আগুনে বোলিংয়ে বিধ্বস্ত ইংল্যান্ড, সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

রোববার ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৫৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সমতায় ফিরল নিউজিল্যান্ড |সংগৃহীত

জয়ের ভিতটা আগের দিনই গড়ে রেখেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে ম্যাচ বাঁচাতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল অসাধারণ কিছু। কিন্তু ম্যাট হেনরির সামনে সে সুযোগই পেল না স্বাগতিকরা। তার দুর্দান্ত বোলিংয়ে বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাল কিউইরা।

রোববার ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৫৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১১৫ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড।

ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন ম্যাট হেনরি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তিনি। প্রথম ইনিংসেও ৮০ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার।

দুই ইনিংস মিলিয়ে ১০৯ রানে ১১ উইকেট শিকার করেন হেনরি। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে ১০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেই সাথে গড়েছেন দারুণ একটি কীর্তিও।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ১১ উইকেট নেয়া মাত্র দ্বিতীয় বোলার তিনি। এর আগে ১৯৯৪ সালে লর্ডসে ১৬৯ রানে ১১ উইকেট নিয়েছিলেন পেসার ডিওন নাশ।

নিউজিল্যান্ডের জয়ে ব্যাটারদেরও ছিল গুরুত্বপূর্ণ অবদান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন গ্লেন ফিলিপস (১০০)। দ্বিতীয় ইনিংসে শতক হাঁকান হেনরি নিকোলস (১২১)।

৪৬৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৮২ রান। তবে নতুন দিনের শুরু থেকেই ঝড় তোলেন হেনরি।

দিনের তৃতীয় ওভারেই ফেরান জো রুটকে। ৭৭ রান করা রুট এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এর পরের বলেই জফরা আর্চারের স্টাম্প উড়িয়ে দেন হেনরি।

নিজের পরের ওভারে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। প্রথমে ম্যাথু ফিশারকে বোল্ড করেন, পরের বলেই ফেরান জশ টংকে। ফিশারের উইকেটটি ছিল হেনরির টেস্ট ক্যারিয়ারের ১৫০তম শিকার।

এরপর সনি বেকারের স্টাম্প ভেঙে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন তিনি।

সব মিলিয়ে শেষ দিনে মাত্র ১০.১ ওভার টিকতে পেরেছিল ইংল্যান্ড।

বাকি ৫ উইকেট একাই তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন হেনরি। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

এখন সব চোখ সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে। আগামী বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।