দিল্লি প্রিমিয়ার লিগের ম্যাচে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের জোরালো স্ট্রেইট ড্রাইভে মুখের পাশে বলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় এই আম্পায়ার। যেতে হয়েছে আইসিইউতেও।
ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার দিল্লিতে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটে ঘটনাটি। নিউ দিল্লি টাইগার্সের রান তাড়ার ১৮তম ওভারে বোলার আশিষ মিনার বলটি পেয়েছিলেন ব্যাটার লক্ষয় থারেজা।
কোনো সুযোগ না দিয়ে জোরালো স্ট্রেইট ড্রাইভ খেলেন তিনি। তবে শটটি এমন গতিতে আম্পায়ার ভরদ্বাজের দিকে ছুটে যায় যে, নিজেকে সরিয়ে নেয়ার মতো সময়ই পাননি তিনি। মুহূর্তের মধ্যে বলটি তার মুখের পাশে আঘাত করে।
সাথে সাথে মাঠে ছুটে আসেন চিকিৎসাকর্মীরা। ধারাভাষ্যকাররা জানান, ম্যাচের আগেও একবার বলের আঘাত পেয়েছিলেন ভরদ্বাজ। তবে এবার মুখের পাশে আঘাত লাগায় তার আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়।
ভরদ্বাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের আম্পায়ার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে পরে হাসপাতালে নেয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
দিল্লি প্রিমিয়ার লিগ ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা। দিল্লিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতের উদীয়মান ক্রিকেটাররা অংশ নেন। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ঘটনা।



