র‌্যাংকিংয়ে রিতু-জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মারুফা আক্তার
মারুফা আক্তার

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়ের।

মঙ্গলবার নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৯৬তম স্থানে উঠেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। গেল সপ্তাহে ৩৬ ধাপ উন্নতি হয়েছিল তার।

ছয় ধাপ উন্নতিতে ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছেন শারমিন আক্তার। ৪ ধাপ উন্নতি হয়েছে আরেক ওপেনার সোবহানা মোস্তারির। ৪০তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এক ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার জর্জ ভল।

বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন পেসার রিতু মনি। ৪০৮ রেটিং নিয়ে ৭৫তম স্থানে উঠেছেন তিনি।

ছয় ধাপ উন্নতি হয়েছে আরেক পেসার মারুফা আক্তারে। ৩৮তম স্থানে আছেন ৫৩৬ রেটিং পাওয়া মারুফা।

বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন তিনি।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।