বিশ্ব ক্রিকেটে নতুন চমক, আজই শুরু ইউরোপিয়ান টি-২০ লিগ

ছয় দলের এই টুর্নামেন্টে দেখা যাবে ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথদের মতো বিশ্বসেরা তারকাদের। আছেন ড্যারিল মিচেল, টিম ডেভিড, জেসন রয়, কেশভ মহারাজ, হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়ার মতো বড় নামও।

নয়া দিগন্ত অনলাইন
ইউরোপিয়ান টি-২০ লিগে দেখা যাবে বিশ্ব ক্রিকেটের বড় সব তারকাদের
ইউরোপিয়ান টি-২০ লিগে দেখা যাবে বিশ্ব ক্রিকেটের বড় সব তারকাদের |ইন্টারনেট

ইউরোপের ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দুনিয়ায় এবার নাম লেখাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। যেখানে দেখা যাবে বিশ্ব ক্রিকেটের বড় সব তারকাদের।

ছয় দলের এই টুর্নামেন্টে দেখা যাবে ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভ স্মিথদের মতো বিশ্বসেরা তারকাদের। আছেন ড্যারিল মিচেল, টিম ডেভিড, জেসন রয়, কেশভ মহারাজ, হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়ার মতো বড় নামও।

আজ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

ইটিপিএলের প্রথম আসর চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় দল মিলিয়ে টুর্নামেন্টে হবে মোট ৩২টি ম্যাচ। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ এবং লিগ পর্বে হবে ৩০ ম্যাচ।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল খেলবে কোয়ালিফায়ারে। সেখানে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ দলের।

১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার। আর ফাইনাল হবে ২০ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রথম ১৭টি ম্যাচ হবে ভুরবার্গে। এরপর বাকি ম্যাচগুলো চলে যাবে আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে। কোয়ালিফায়ার ও ফাইনালও হবে সেখানেই।

প্রথম আসরে অংশ নিচ্ছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। নেদারল্যান্ডস থেকে আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স, আয়ারল্যান্ড থেকে ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস আর স্কটল্যান্ড থেকে এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক।

নেদারল্যান্ডসের উইকেটকিপার-ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে খেলবে আমস্টারডাম ফ্লেমস। দলে আছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও অজিঙ্কা রাহানে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির নেতৃত্বে খেলবে রটারডাম ডকার্স। দলের বড় নাম হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসা।

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সামলাবেন বেলফাস্ট উলভসের নেতৃত্ব। তার সাথে রয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও ইংল্যান্ডের ক্রিস জর্ডান।

ভারতের সাবেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে খেলবে ডাবলিন গার্ডিয়ানস। দলে রয়েছেন জেমস ভিন্স, ড্যারিল মিচেল, জশ লিটল ও বিজয় শঙ্কর। বলাবাহুল্য, ডাবলিন দলের সহমালিকদের একজন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়।

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলবে এডিনবরা ক্যাসল রকার্স। দলে রয়েছেন ট্রেন্ট বোল্ট, টম কারান, লরি ইভান্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন।

আর স্কটল্যান্ডের ব্যাটার জর্জ মানসির নেতৃত্বে খেলবে গ্লাসগো কসমিক। দলে আছেন লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, জিমি নিশাম, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।

প্রথম আসরেই এত বড় তারকাদের উপস্থিতিতে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ইউরোপের ক্রিকেটকে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বড় মঞ্চে কতটা প্রতিষ্ঠিত করতে পারে নতুন এই লিগ, এখন সেটিই দেখার অপেক্ষা।