বাবরদের মোবাইলও হেফাজতে নিলো পিসিবি, দলে অস্থিরতা

খেলোয়াড়দের মোবাইল ফোন পিসিবির কাছে জমা রাখা হয়েছে। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো বোর্ডের প্রতিনিধিদের কাছেই থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল |সংগৃহীত

ইংল্যান্ড সফরে টানা দুই টেস্টে বড় হারের পর মাঠের বাইরেও অস্থিরতা কাটছে না পাকিস্তান ক্রিকেট দলে। এবার এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম ৩৬৫ নিউজের বরাতে জানা গেছে, খেলোয়াড়দের মোবাইল ফোন পিসিবির কাছে জমা রাখা হয়েছে। এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো বোর্ডের প্রতিনিধিদের কাছেই থাকবে।

তবে ঠিক কোন কোন ক্রিকেটারের ফোন নেয়া হয়েছে, তা জানা যায়নি। কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, সে বিষয়েও পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। ফলে খেলোয়াড়দের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারের ওপর বোর্ডের এমন নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালে সাধারণত ড্রেসিংরুম বা ডাগআউটে ক্রিকেটারদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি থাকে না। তবে পুরো দলের ব্যক্তিগত ফোন হেফাজতে নেয়ার ঘটনা নজিরবিহীন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে পাকিস্তান ক্রিকেটে অস্থিরতার মধ্যে দ্বিতীয় টেস্টে চোটের কারণে ব্যাটিং না করা ইমাম-উল-হকের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পিসিবি। অভিযোগ উঠেছে, তার চোটটি সাজানো হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই ব্যাটার।

প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর শেষ ম্যাচের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তনও এসেছে। সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে নতুন করে আরো সাতজনকে দলে নেয়া হয়েছে। শুধু ক্রিকেটার নয়, দেশে ফেরত পাঠানো হয়েছে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও।

বার্মিংহামের এজবাস্টনে শেষ টেস্টে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মাইক হেসন। বোলিং কোচ হিসেবে কাজ করবেন অ্যাশলে নফকে। দুজনই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচ।

তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। বুধবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।