দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপের।

নয়া দিগন্ত অনলাইন
নারী ক্রিকেট দল
নারী ক্রিকেট দল |ফাইল ছবি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার ইংল্যান্ডের লাফবরোতে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১১ রানে হারে বাংলাদেশ। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানে হেরেছিল টাইগ্রেসরা।

প্রস্তুতি ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে বাংলাদেশ বোলারদের দারুণ বোলিংয়ে সামনে বড় ইনিংস খেলতে পারেনি আয়ারল্যান্ডের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় আইরিশরা।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেক স্টোকেল।

২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ২ উইকেট শিকার করেন মারুফা আক্তার। এ ছাড়া রিতু মনি-নাহিদা আক্তার-সোবহানা মোস্তারি ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

জবাবে ইনিংসের তৃতীয় বলে খালি হাতে ফেরেন দিলারা আক্তার। এরপর ৭৭ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার। ২৭ রানে শারমিন থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জুয়াইরিয়া। ১০টি চারে ৩৮ বলে ৫০ রানে আউট হন তিনি।

১৩তম ওভারের শুরুতে দলীয় ৭৭ রানে জুয়াইরিয়া ফেরার পর বাংলাদেশের পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। পরের দিকে অধিনায়ক নিগার সুলতানা ১৯ ও স্বর্ণা আক্তার অপরাজিত ১২ রান করেন।

প্রস্তুতি ম্যাচের দু’টিতেই হেরে আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হওয়া বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে ১নং গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই নিয়ে টানা সপ্তমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। কোনো আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপের।