দুই বলে দুই উইকেট, কাউন্টিতে ফের হাসানের তাণ্ডব

টানা দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ওপেনিং জুটি ভেঙে দেন বাংলাদেশের হাসান মাহমুদ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশী পেসার হাসান মাহমুদ
বাংলাদেশী পেসার হাসান মাহমুদ |ফাইল ছবি

কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে ফিরেই নিজের জানান দিলেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে প্রথম দিনেই টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে আলো ছড়িয়েছেন তিনি। ৭ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে দিন শেষ করেছেন।

বুধবার ক্যান্টারবারিতে টস জিতে কেন্টকে ব্যাটিংয়ে পাঠায় উস্টারশায়ার। শুরুটা অবশ্য ভালো হয়নি কেন্টের। দলীয় ১৮ রানেই ফিরে যান দুই ওপেনার বেন কম্পটন ও জ্যাক ক্রলি।

এরপর স্যাম নর্থইস্ট ও তাওয়ান্দা মুয়েয়ে ৮২ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামলে নেন। নর্থইস্ট ৪৩ রান করে ফিরলে অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড হাল ধরেন। তার ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৫২ রান। ক্রিস বেঞ্জামিন করেন ৪০।

শেষ পর্যন্ত ২৩৮ রানে গুটিয়ে যায় কেন্টের প্রথম ইনিংস। উস্টারশায়ারের টম টেলর নেন ৩ উইকেট। ব্যাট হাতে কেন্টের ইনিংসে ছোট্ট অবদান রাখেন হাসানও। ৬ বলে একটি চারে ৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

জবাবে দ্রুত রান তুলছিল উস্টারশায়ার। তবে ষষ্ঠ ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান। ওভারের তৃতীয় বলে জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন তিনি। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান।

টানা দুই বলে দুই উইকেট নিয়ে উস্টারশায়ারের ওপেনিং জুটি ভেঙে দেন বাংলাদেশের এই পেসার। এরপর অবশ্য আর কোনো উইকেট পায়নি কেন্ট।

প্রথম দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান। অর্থাৎ কেন্টের প্রথম ইনিংসের চেয়ে ১৫৮ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা।

উল্লেখ, এর আগে জুনে কেন্টের হয়ে কাউন্টি অভিষেকেও দারুণ আলোচনায় এসেছিলেন হাসান। প্রথম দুই ম্যাচেই নিয়েছিলেন ১২ উইকেট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচে তার শিকার ছিল ৯ উইকেট।

এর মাঝে দ্বিতীয় ইনিংসে ৬/৬৯ বোলিং করে ম্যাচ জয়ে বড় অবদান রাখেন তিনি। সেটিই এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারসেরা ইনিংস বোলিং।

সেই ধারাবাহিকতার পর এবার সেপ্টেম্বরে কেন্টের হয়ে আরো চারটি কাউন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হাসান। আর প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, ইংলিশ কন্ডিশনে তার বোলিং কতটা কার্যকর হতে পারে।