দীর্ঘ হতাশার পর গত মাসেই ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামের দেখা পেয়েছিলেন আলেকজান্ডার জভেরেভ। জার্মান এই তারকার সামনে এখন ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্ল্যাম ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ।
শুক্রবার (১০ জুলাই) উইম্বলডেনের সেমিফাইনালে আর্থার ফেরিকে সরাসরি ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ সেটে হারিয়ে জয় তুলে নেন জভেরভ।
এই জয়ে ক্যারিয়ারের পঞ্চম মেজর ফাইনালে পা রাখলেন ২৯ বছর বয়সী এই তারকা। রোববার ট্রফি জয়ের লড়াইয়ে জভেরভ মুখোমুখি হবেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অথবা সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের।
ম্যাচের শুরুতে ছন্দ পেতে কিছুটা সময় নেন জভেরেভ। প্রথম সেটে ফেরি দারুণ লড়াই করলেও টাইব্রেকারে জভেরেভ নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১টি পয়েন্টও না হারিয়ে (৭-০) সেটটি পকেটে পোরেন।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ফেরি। কিন্তু অভিজ্ঞ জভেরেভ খেলার তীব্রতা বাড়িয়ে দ্রুতই ৪-১ ব্যবধানে এগিয়ে যান। একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলা ব্রিটিশ তরুণকে চিয়ার্স করতে সেন্টার কোর্টের দর্শকরা গর্জে উঠলেও জভেরেভের বুলেট গতির সার্ভ আর নিখুঁত ফোরহ্যান্ডের সামনে তা ম্লান হয়ে যায়।
প্রথম দুই সেট জিতে নেয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রাখেন জভেরেভ এবং শেষ সেটটি জিতে ফাইনালে পা রাখেন। এই জয়ের মাধ্যমে ১৯৬৮ সালে ওপেন এরা বা পেশাদার যুগ শুরু হওয়ার পর ইতিহাসের মাত্র ১৩তম পুরুষ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামেরই (অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন) ফাইনালে খেলার অনন্য কীর্তি গড়লেন তিনি।
ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসেবে খেলতে এসে সেমিফাইনালে ওঠা ২৩ বছর বয়সী ফেরির ভূয়সী প্রশংসা করে জভেরেভ বলেন, ‘আর্থার সত্যিই একজন অবিশ্বাস্য খেলোয়াড়। আমার মনে হয় ও টেনিস সার্কিটে আগামী ১৫ বছরেরও বেশি সময় ধরে খেলবে এবং দারুণ সব সাফল্য পাবে। এটা তো কেবল ওর ক্যারিয়ারের শুরু, ও ভবিষ্যতে অসাধারণ কিছু করবে।’
নিজের অনুভূতি প্রকাশ করে জভেরেভ বলেন, ‘গ্র্যান্ড স্ল্যামগুলোর মধ্যে এই উইম্বলডনেই আমাকে সবচেয়ে বেশি ভুগতে হতো। আর এখন হঠাৎ করেই আমি এর ফাইনালে! আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। তবে আগামী রোববার আমাদের আরো একটি ম্যাচ বাকি আছে এবং এখন আমার পুরো মনোযোগ সেখানেই থাকবে।’
সম্ভাব্য প্রতিপক্ষ জোকোভিচকে নিয়ে মজা করে জভেরেভ বলেন, ‘ফাইনালের প্রতিপক্ষ যিনিই হোন না কেন—তিনি বর্তমান চ্যাম্পিয়ন হোন কিংবা এখানে ৪৮ বার জেতা কেউ (জোকোভিচকে ইঙ্গিত করে রসিকতা), ম্যাচটি মোটেও সহজ হবে না। তবে আমার নিজের ওপর আস্থা রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আমি জিততে পারি। আমি সেটাই করব।’



