ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৩ জুন) অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩৯-২৫ গোলে জয় পায়। প্রতিযোগিতায় তিন ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।
পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে নেপালকে হারাতে বড় ভূমিকা রাখেন জেবে দাই বম। ম্যাচে সর্বোচ্চ সাতটি করে গোল করেন জেবে দাই বম ও ডেভিড বম।
এক দিন আগেই মালদ্বীপের বিপক্ষে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জেবে দাই বম। আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ম্যাচের সেরা হয়ে একটু বেশিই উচ্ছ্বসিত বান্দরবানের কোয়ান্টার কসমো স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৮ গোল করা জেবে দাই বম বলেন, ‘আমি নিজের পারফরমেন্সে ১০ এর মধ্যে নিজেকে পাঁচ দেবো। সত্যি বলতে আমি দলের জন্য খেলেছি, বাংলাদেশের জন্য খেলেছি। নিজের জন্য কখনো খেলব না। আজ আমি চেয়েছি অন্য কেউ যেন পুরস্কার পায়।’
জেবে দাই বম আরো বলেন, ‘ভারতের কাছে হারের পর ভীষণ খারাপ লেগেছিল। কারণ জয়-পরাজয়ের মধ্যে ছিল মাত্র চার গোলের ব্যবধান। চাইলে আমরা ওই ব্যবধান কাটিয়ে ম্যাচটি বের করে আনতে পারতাম।’
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ সম্পর্কে জেবে দাই বম বলেন, ‘আফগানিস্তান যথেষ্ট শক্তিশালী দল। ভারতের বিপক্ষে যেমন খেলেছি, আজ যেমন খেলেছি, ওদের সাথেও তেমন খেলতে চাই।’
আগামীকাল রোববার (১৪ জুন) দুপুর ১টায় রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলার শেষ ম্যাচে আফগানিস্তাানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় অনূর্ধ্ব-২০ বিভাগের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেনের। এর আগে বিকেল ৫টায় অন্য সেমিফাইনালে ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে।
সূত্র : বাসস



