হকি বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ভারত। শেষের দিকে ভারত ঘুরে দাঁড়ালেও ম্যাচ হরে যায় তারা।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত |সংগৃহীত

হকি বিশ্বকাপে ভারতকে ৩-৫ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। এতে দীর্ঘ ১২ বছর পর শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। এই হারে টুর্নামেন্ট থেকে ছিঁটকে গিয়েছে ভারত।

সোমবার আমস্টেলভিনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই গোলরক্ষক মোহিত এইচএসকে পরাস্ত করে হোয়াকিন তোসকানির গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। এরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিকোলাস দেলা তোরে ব্যবধান দ্বিগুণ করেন। ১০ মিনিটের মাথায় ভারত অভিষেকের পাস থেকে সুখজিৎ সিং একটি গোল শোধ করেন।

ভারত সুযোগ তৈরি করলেও তাদের পাসিং ও বল নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল। ভুল পাসের কারণে বেশ কয়েকটি আক্রমণ ভেস্তে যায়। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই স্কোর বাড়াতে পারেনি, ফলে হাফ-টাইমে ভারত ১-২ গোলে পিছিয়ে থাকে।

বিরতির পর আর্জেন্টিনা দারুণভাবে ফিরে আসে ও ৩৩তম মিনিটে টমাস ডোমিনির গোলে তাদের লিড বাড়িয়ে নেয়। তার রিভার্স শটটি ভারতীয় রক্ষণভাগকে পরাস্ত করে। এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে তার গোলসংখ্যা এখন ৭।

ভারত বেশ কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। হরমনপ্রীত সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার ড্র্যাগ-ফ্লিকগুলো হয় প্রতিহত হয় অথবা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর আর্জেন্টিনা আরেকটি রক্ষণাত্মক ভুলের সুযোগ নেয় ও দোমেনে একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্কোর ৪-১ করেন।

৫৩তম মিনিটে দুর্দান্ত এক রিভার্স হিটে আর্জেন্টিনার পঞ্চম গোলটি করেন লুকাস তোসকানি। যদিও, ৫৮তম মিনিটে সুখজিৎ তার দ্বিতীয় গোলটি করেন ও এর এক মিনিট পরেই হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন।

তবে শেষ মুহূর্তের ঘুরে দাঁড়ালেও ফলাফল বদলাতে পারেনি ভারত। আর্জেন্টিনার জয়ে ‘ই’ পুলের তিনটি ম্যাচ খেলে ভারত কোনো পয়েন্ট পেল না, অন্যদিকে নেদারল্যান্ডস ইতোমধ্যেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

ভারত এখন ক্লাসিফিকেশন ম্যাচে নেমে গেছে ও সপ্তম বা অষ্টম স্থানের জন্য খেলবে। অন্যদিকে, আর্জেন্টিনা চলতি বছরের শুরুতে এফআইএইচ প্রো লিগে ভারতকে ৮-০ এবং ৪-২ ব্যবধানে হারানোর পর তাদের আধিপত্য অব্যাহত রেখেছে।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ভারতের আশা টিকে থাকলেও, শেষ চারে জায়গা করে নিতে ভারতের অন্তত তিন গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল। বরং, শুরুতেই দু’টি গোল হজম করার ফলে তারা প্রায় সাথে সাথেই খেলায় পিছিয়ে পড়ে।

সূত্র: দ্য টাইসম অব ইন্ডিয়া