পবিত্র কাবা শরীফের বার্ষিক ধৌতকরণ কাজ অত্যন্ত যত্নসহকারে সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পৃথক ৩টি ধাপে ধৌতকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ যত্ন ও অত্যন্ত সতর্কতা অবলম্বনের মাধ্যমে পবিত্র কাবাঘরের অনন্য পবিত্রতার বিষয়টি ফুটে ওঠে।
সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, ধৌতকরণ কার্যক্রমের প্রথমধাপে ছিল কাবাঘরকে গোসল দেয়া, দ্বিতীয়ত, সুগন্ধি লাগানো ও সবশেষ ধাপ হলো- ধূপ জ্বালিয়ে জায়গাটি সুশোভিত করা।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, এসব কাজের নেতৃত্ব দেন প্রিন্স সৌদ বিন মিশাল। তিনি প্রথমে জমজমের পানি, গোলাপ পানি এবং খাঁটি উদের মিশ্রণ দিয়ে কাবার ভেতরের অংশ ধৌত করেন, পরে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের তৈরি করা বিশেষ এই মিশ্রণে কাপড় ভিজিয়ে তিনি কাবার ভেতরের দেয়ালগুলো মুছে পরিষ্কার করেন।
এই সম্মানজনক আনুষ্ঠানিকতায় ডেপুটি আমিরের সাথে সৌদির বেশ কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশটিতে নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিক এবং কাবার রক্ষণাবেক্ষণকারীরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ, রাজকীয় আদালতের উপদেষ্টা ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান ড. আবদুল্লাহ আল-রাবিয়াহ, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ আল-ইসা, মসজিদুল হারামের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ এবং দুই পবিত্র মসজিদ পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান আস সুদাইস।



