আহমেদ ইফতেখার
অ্যাপলের বার্ষিক প্রযুক্তি সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সের (ডব্লিউডব্লিউডিসি) উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআইকে ঘিরে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছে। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ সম্মেলনের শুরুতেই অ্যাপল আইফোন, ম্যাক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ভিশন প্রোর জন্য বিভিন্ন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এবারের সম্মেলনের মূল আকর্ষণ ছিল মূলত এআইয়ের কাজের পরিধি বৃদ্ধি, নতুন রূপে সিরি এবং পুরনো আইফোনের কর্মক্ষমতা বাড়ানোর ঘোষণা। এবারের সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে এটি ছিল টিম কুকের শেষ ডব্লিউডব্লিউডিসি। আগামী সেপ্টেম্বরে তার স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে জন টার্নাসের।
সম্মেলনের প্রায় প্রতিটি ঘোষণায় উঠে এসেছে অ্যাপল ইন্টেলিজেন্স সেবাটি। নতুন প্রজন্মের এআই সুবিধাগুলো শুধু নির্দিষ্ট অ্যাপ বা সেবায় সীমাবদ্ধ থাকবে না। ধাপে ধাপে পুরো অ্যাপল ইকোসিস্টেমে ছড়িয়ে দেয়া হবে। এর ফলে বিভিন্ন যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা আরো ব্যক্তিকেন্দ্রিক ও কার্যকর হবে। নতুন সুবিধার আওতায় সাফারি ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে বিষয়ভিত্তিক ট্যাব সাজাতে পারবে।
অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি এআই সহকারীর তুলনায় সিরির সক্ষমতা তুলনামূলকভাবে বেশ কম। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সিরিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অ্যাপল। নতুন সংস্করণের সিরি আগের তুলনায় আরো স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারবে। আগের প্রশ্নের প্রেক্ষাপট ধরে রেখে উত্তরও দিতে পারবে। এ ছাড়া ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রাসঙ্গিক ব্যবহার, পর্দায় প্রদর্শিত তথ্য বিশ্লেষণ এবং একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করে কাজ করার সুবিধাও যুক্ত করা হয়েছে সিরিতে।
আইওএস ২৭ শুধু নতুন ডিভাইসের জন্য নয়, পুরনো আইফোন ব্যবহারকারীদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেবে। অ্যাপল জানিয়েছে, আইফোন ১১ পর্যন্ত পুরনো মডেলগুলোতে নতুন অপটিমাইজড সিপিইউ শিডিউলার যুক্ত করা হবে।
ফটোস অ্যাপে তিনটি নতুন এআই টুল যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। ক্লিন আপ টুলের মাধ্যমে ছবির অনাকাক্সিক্ষত বা বিভ্রান্তিকর উপাদান সরানো যাবে। এক্সটেন্ড টুল ব্যবহার করে মূল ছবির বাইরের অংশ সম্প্রসারণ করার পাশাপাশি স্পেশাল রিফ্রেমিং টুলের মাধ্যমে ছবির দৃষ্টিকোণ পরিবর্তনের সুযোগ মিলবে।
এবারের ডব্লিউডব্লিউডিসির মূল বক্তব্যে প্যারেন্টাল কন্ট্রোল ও বিভিন্ন শিশু সুরক্ষা ফিচার নজর কেড়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার যেভাবে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর শিশুদের সুরক্ষার বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে, সেই প্রেক্ষাপটে অ্যাপলের এ পদক্ষেপটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
মা-বাবা ও অভিভাবকরা খুব শিগগিরই শিশুদের জন্য চাইল্ড অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন। ১৩ বছরের কম বয়সীরা গ্যাজেট ব্যবহার করতে চাইলে এ অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক এবং চাইলে ১৮ বছর বয়স পর্যন্ত তা বহাল রাখা যাবে। শিশুরা কোনো অ্যাপ ডাউনলোডের অনুমতির জন্য যেমন অনুরোধ পাঠাতে পারে, তেমনি সাফারিতে ব্লক করে রাখা কোনো ওয়েবসাইটে ঢোকার জন্যও মা-বাবার কাছে অনুমতি চাইতে পারবে।
নতুন করে ডিজাইন করা স্ক্রিন টাইম ফিচারের মাধ্যমে অভিভাবকরা এখন অ্যাপ ব্যবহারের সময়সীমার ওপর আরো নিখুঁত নিয়ন্ত্রণ ও তাদের সন্তানরা ডিভাইস কীভাবে ব্যবহার করছে তা বুঝতে পারবেন।
দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন এ পরিবর্তনের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই কাজে লাগিয়ে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে নতুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেবে প্রতিষ্ঠানটি। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষা বর্তমানের তুলনায় অনেকটাই বাড়বে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি ২০২৬ সম্মেলনে নতুন এ পরিকল্পনা তুলে ধরে অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে সাফারি ব্রাউজার ও পাসওয়ার্ডস অ্যাপে সুবিধাটি যুক্ত করা হবে।



