বিদেশগামীদের বহির্গমন ছাড়পত্র দিতে বিএমইটির নতুন নির্দেশনা

ইউরোপ, জাপান, কোরিয়াগামী কর্মীর সংখ্যা ২৫ এর বেশি হলে দেবেন পরিচালক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিদেশগামী কর্মীদের সত্যায়িত ও অসত্যায়িত চাহিদাপত্র প্রক্রিয়া করার পাশাপাশি বহির্গমন ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। কোন কোন কর্মকর্তা কোন কোন দেশের জন্য কতজন বিদেশগামী কর্মীর চাহিদাপত্র প্রক্রিয়া করতে পারবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে সম্প্রতি এক অফিস আদেশ জারি করা হয়েছে। ওই নির্দেশনার এক জায়গায় বলা হয়েছে, বহির্গমনসংক্রান্ত জরুরি নির্দেশনা অবশ্যক হলে মহাপরিচালকের কাছে নথি উপস্থাপন করতে হবে।

বিএমইটি সূত্রে জানা যায়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, বহির্গমন শাখায় কাজের পরিধি বাড়ায় এবং বিদেশগামী কর্মীদের দ্রুততম সময়ে সেবা নিশ্চিতে ২০২৩ সালের ২৯ নভেম্বরের স্মারক সংশোধনপূর্বক পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখার ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালক পদের কর্মকর্তা থেকে সহকারী পরিচালক পদের কর্মকর্তাদের বহির্গমন ছাড়পত্র দেয়ার ক্ষমতা অর্পণ করা হলো।

নতুন অফিস আদেশ মোতাবেক কার্যক্রম ইতোমধ্যে বিএমইটিতে শুরু হয়েছে। এতে বিএমইটিতে অতীতের মতো রিক্রুটিং এজেন্সিগুলোর নানা কৌশলে অনিয়ম, দুর্নীতি আর জাল-জালিয়াতির ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কর্মকর্তাদের মধ্যেও ফিরবে জবাবদিহি।

ব্যুরোর ওই অফিস আদেশে প্রস্তাবিত কর্মপদ্ধতিতে দেখা যায়, সত্যায়িত চাহিদাপত্র প্রক্রিয়া করার ক্ষেত্রে ইউরোপ, জাপান, কোরিয়ায় ২৫ কর্মীর তদূর্ধ্বের ক্ষেত্রে পরিচালক, ১৬-২৪ জন কর্মীর সংখ্যার ক্ষেত্রে উপপরিচালক (ইউরোপ, জাপান, কোরিয়া ব্যতীত) এবং ১-১৫ জন কর্মীর প্রক্রিয়ার করার ক্ষেত্রে (ইউরোপ, জাপান কোরিয়া ব্যতীত) সহকারী পরিচালক পদের কর্মকর্তা করতে পারবেন। যেসব দেশের ভিসা অনলাইনে যাচাই করা যায় না, এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ ও আফ্রিকার যেকোনো দেশের সত্যায়নবিহীন চাহিদাপত্র প্রক্রিয়া করার ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালক, অনলাইনে ভিসা যাচাইযোগ্য ১০ জনের বেশি (কিরগিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ব্যতীত প্রক্রিয়ার ক্ষেত্রে পরিচালক, আবার অনলাইনে ভিসা যাচাইযোগ্য ২-১০ জন (ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, আফ্রিকান, কিরগিস্তান, কাজাখাস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ব্যতীত) সত্যায়নবিহীন ভিসা প্রক্রিয়া করার জন্য উপপরিচালক পদের কর্মকর্তা এবং ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ভিসার ক্ষেত্রে অনলাইন (ওয়ানস্টপ সিস্টেম) ভিসা যাচাইযোগ্য কাতার, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য সহকারী পরিচালক পদের কর্মকর্তারা করতে পারবেন।

বিএমইটির অফিস আদেশে নথি উপস্থাপনের উচ্চসীমা পরিহারের লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একই নথি দিনে একাধিকবার উপস্থাপন করা যাবে না। জরুরি প্রয়োজনে উপস্থাপন করা হলে তা উচ্চধাপে নির্ধারিত সীমায় নিষ্পত্তি হবে। অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক প্রতি সপ্তাহে ন্যূনতম ১০টি নথি দৈবচয়নে পুনঃপরীক্ষা করবেন এবং কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে মহাপরিচালক বরাবরে রিপোর্ট করবেন। আদেশে বলা হয়েছে, অনলাইনে বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদন নেয়া-দেয়া উৎসাহিত করতে হবে। অনুমোদন সংক্রান্ত তথ্য (সাপ্তাহিক প্রতিবেদন) নিয়মিত মহাপরিচালককে জানাতে হবে।

নতুন এই আদেশের বিষয়ে গত সপ্তাহে দায়িত্বশীল এক কর্মকর্তাকে অধস্তন একজন কর্মকর্তাকে ক্ষোভের সাথে বলতে শোনা যায়, নতুন নিয়ম চালু করার পর যদি কোনো কর্মকর্তার গাফিলতি পরিলক্ষিত হয় এর দায়দায়িত্ব শুধু ওই কর্মকর্তাকেই বহন করতে হবে। অপর দিকে কমে আসবে অনিয়ম, দুর্নীতি আর জাল-জালিয়াতির ঘটনা। বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র পেতে হয়রানির কমবে। এমনটাই মনে করছেন জনশক্তি ব্যবসায়ের সাথে জড়িতরা।