আনাদোলু
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ২৭টি দেশের পররাষ্ট্র প্রতিনিধি ও মন্ত্রীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা জোরদারের পাশাপাশি উদীয়মান আঞ্চলিক সঙ্কট মোকাবেলায় এই বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দণি কোরিয়া, ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ান মহাসচিব কাও কিম হর্নসহ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। ফোরামের চেয়ারপারসন হিসেবে ফিলিপাইনের পররাষ্ট্রসচিব মা. তেরেসা পি. লাজারো সম্মেলনের শুভ সূচনা করেন।
উদ্বোধনী ভাষণে লাজারো উল্লেখ করেন, সংঘাত এড়িয়ে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত আলোচনা এবং সমন্বয় বাড়াতে এআরএফ একটি অত্যন্ত জরুরি মাধ্যম। তিনি নিরবচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সদস্য দেশগুলোকে যৌথভাবে কাজ করার তাগিদ দেন। এবারের সম্মেলনে মূলত সামুদ্রিক নিরাপত্তা ও দ্বিপীয় কৌশল জোরদারকরণ, সন্ত্রাসবাদের মতো প্রথাগত নিরাপত্তা হুমকি দমন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তৈরি হওয়া অপ্রথাগত ঝুঁকি যৌথভাবে মোকাবেলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, ১৯৯৪ সালে আত্মপ্রকাশের পর থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে এআরএফ প্রধান একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে আসছে।



