সাতক্ষীরা প্রতিনিধি
বৈরী আবহাওয়ার সুযোগে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অজ্ঞাতনামা ১০-১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত সফলভাবে বিএসএফের এই অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সকালে প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ খুরমী বিওপি থেকে দক্ষিণ দিকে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকায় (ছোট) বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে অজ্ঞাতনামা ১০-১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে স্পিড বোটে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়ে ১০-১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হবে না।’



