নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার অভিযোগ বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একের পর এক ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিভাবকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। পাশাপাশি কয়েকটি ঘটনায় বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্নও উঠেছে।
নান্দাইল থানার তথ্যমতে, ২০২৫ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ধর্ষণের ১৬টি মামলা দায়ের হয়েছে এবং ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কিছু ঘটনায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে, আবার কিছু অভিযোগ সামাজিক সালিশ বা প্রভাবশালী মহলের চাপে নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক আলোচিত ঘটনা ঘটেছে। গত ২০ এপ্রিল যুগের হাওর এলাকায় এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ১৮ মে চারি আনিপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার হন। ৩ জুলাই চণ্ডীপাশা ইউনিয়নে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ছাড়া ১২ জুলাই পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ ২০ জুলাই এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নান্দাইল থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, যৌন সহিংসতা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। শিশুদের ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন করা, পরিবারকে দায়িত্বশীল করা এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে অপরাধ প্রতিরোধে কাজ করা হবে।



