নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

নয়া দিগন্ত ডেস্ক
Printed Edition
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ প্রদানের পর ফটোসেশনে অংশ নেন : পিআইডি
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ প্রদানের পর ফটোসেশনে অংশ নেন : পিআইডি

স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারো বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’ তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এ জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন।

প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে : প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে খুবই ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত তুলে ধরছেন। কোনো রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে, কোনটিতে দ্বিমত হয়েছে- সেসব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছে। বাসস ও অন্যান্য সূত্র।

অধ্যাপক ইউনূস বলেন, আপনারা জানেন ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হয়েছে।

ঐকমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখন চলমান আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, কমিশনের লক্ষ্য হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দল একমত হবে সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যেসব দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেয়া। এই তালিকাটিই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। তিনি বলেন, আমাদের দায়িত্ব, জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা।

গুজবকে অবহেলা করবেন না : ‘গুজবকে’ অবহেলা করবেন না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, গুজব হলো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্তবড় হাতিয়ার। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। এক ছবির সাথে অন্য ছবি জুড়ে দেয়া হচ্ছে, ঘটনা একটা ছবির- আরেকটা এ রকম ফটোকার্ড বানিয়ে, অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোস্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে। যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে তা আপনাদের সবারই জানা আছে।

দেশবাসীকে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান স্মরণ করিয়ে দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। ‘গুজব’ হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। গুজবকে অবহেলা করবেন না। তিনি আরো বলেন, বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজব ছড়ানোর পেছনে দিনরাত কাজ করছে, সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেবো না।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। তিনি জানান, গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসঙ্ঘের সহযোগিতা আমরা চেয়েছি। জাতিসঙ্ঘ মহাসচিবের মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন।

পৃথিবীর সব সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে : প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সব সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের বার্ষিক বৈঠকে। বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সাথে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসেছে। তার পর থেকে যেকোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে।

শিগগিরই দেশে নতুন বিনিয়োগ আসবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি, দ্রুততম সময়ে দেশে নতুন নতুন বিদেশী বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে রফতানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে।

অধ্যাপক ইউনূস আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে, বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতোমধ্যেই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মারস্ক কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে।

দাভোস সম্মেলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে ৪৭টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসঙ্ঘের মহাসচিব, জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছি। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। আমরা সে দেশের ভিসার দরজা খোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে।

অধ্যাপক ইউনূস আরো বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্পকারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্প অঞ্চলে দু’টি কাজ দিয়ে তারা শুরু করবে। এ জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দাম কমায় রমজানে জনগণ স্বস্তি পেয়েছে : রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, রমজান মাসজুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সব জায়গা থেকে খবর এসেছে যে, এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে; জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এ রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘি্নত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

স্বৈরাচারী সরকারের সময়ে ভয়াবহ লুটপাটের প্রসঙ্গ উল্লেখ করে ড. ইউনূস বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল; আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাওয়ার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে, ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশের নিচে নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি ৮ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছি।

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাইবোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে রেমিট্যান্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে। রেমিট্যান্সযোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি।

ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘পলাতক সরকারের আমলে চর দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেয়া হয়েছিল। আমানতকারীদের টাকা তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে। এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে, অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা বলেন, গত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে- এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব একেকটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে- বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন প্রায় ৪০০ কোটি টাকা। পাচারের এর চেয়ে বেশি তাক লাগানো পন্থা আর কী আছে, তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয়, তখন এমন সবকিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

৬,২৯৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ : প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে এ পর্যন্ত ৬ হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যান্য সব হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত ৪১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিকবান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। জিডি করার সময় স্বাক্ষর দেয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নেই। এটা অনলাইনে করা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের হয়রানি লাঘব করা হয়েছে। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশী পাসপোর্ট না থাকলেও বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।

স্টারলিংকের ইন্টারনেট ৯০ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। চলতি মাসে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশী স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

৫ দিনব্যাপী বোয়াও ফোরামের সম্মেলন শুরু

আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

কাওসার আজম হাইনান (চীন) থেকে : দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) অ্যানুয়াল কনফারেন্স-২০২৫ এ যোগ দিতে আজ বুধবার বিশেষ বিমানে চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনের সমুদ্রঘেরা হাইনান প্রদেশের পর্যটন শহর বোয়াও-তে গতকাল মঙ্গলবার থেকে পঁাঁচ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। চার দিনের এ সম্মেলন শেষ হবে আগামী ২৯ মার্চ। আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এ সম্মেলনে অংশ নেবেন। তার সফরের তৃতীয় দিন আগামীকাল শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ড. ইউনূসের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে বড় বিনিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। চীনের বড় বড় কোম্পানির মালিক ও উদ্যোক্তার সাথে ড. ইউনূস বৈঠক করবেন। তার এ সফরের মাধ্যমে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশ চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্বের ২৭টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এবং প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিয়েছেন। তাদের বরণ করে নিতে প্রস্তুত পর্যটন শহর বোয়াও। বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে সম্মেলনস্থল ও রাস্তাঘাট। সাজসাজ রব দেখা গেছে শহরজুড়ে। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রতিবেশী ভারত হতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও চাপ আসতে থাকে। প্রধান উপদেষ্টার এ সফরটি ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আওয়ামী লীগ সরকারের প্রতি ভারত নির্ভরতার অভিযোগ রয়েছে। তবে তাদের টানা চার মেয়াদে চীনের সাথে সখ্য বজায় রেখে চলতে দেখা গেছে বাংলাদেশকে। বিশেষ করে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বি-পক্ষীয় সফর হওয়াটাই একে বিশেষভাবে তাপর্যপূর্ণ করে তুলেছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ-রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।