স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলনেতাসহ গ্রেফতার ২

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তরে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে এ ঘটনায় ধর্ষণে সহায়তার অভিযোগে ভুক্তভোগীর আপন বড় বোনকেও গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার মতলব উত্তর থানা-পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পশ্চিম হানিরপাড় গ্রামের মো: কাইয়ুম মাল (৩৬) ও মোসা: তানিয়া আক্তার (২৮)। এর মধ্যে কাইয়ুম কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর কাইয়ুম, বড় বোন তানিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সম্প্রতি পারিবারিকভাবে ভুক্তভোগী ছাত্রীর বিয়ে হয়। বিয়ের পর তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।