নিজস্ব প্রতিবেদক
রোগী হয়রানি ও অনিয়ম বন্ধে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের পরিবর্তে বাইরে থেকে করানোর অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গুর সব পরীক্ষা হাসপাতালে থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ডেঙ্গুরোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেয়া হবে না। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের ক্ষোভের বিষয়টি নজরে আসার পর স্বাস্থ্যমন্ত্রী সরজমিনে পরিস্থিতি দেখতে এ আকস্মিক পরিদর্শনে যান।
দীর্ঘদিন থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের বিভিন্ন পরীক্ষা সিন্ডিকেটের দখলে চলে যাওয়ার অভিযোগ ছিল। সামান্য একটি আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য আগের দিন রাতে গিয়ে লাইন দিয়ে সেই লাইনেই ঘুমিয়ে থাকতে হয়। কোনো প্যাথলজিক্যাল পরীক্ষার প্রয়োজন হলেও এটা নেই ওটা নেই বলে রোগীকে হাসপাতালের পাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনতে বাধ্য করা হতো। জানা গেছে, নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকেই সেই পরীক্ষাগুলো করিয়ে আনতে হতো। তাদের দেখানো ডায়াগনস্টিকে না গেলে রোগীর অবস্থা বুঝে নানা ধরনের হয়রানি ছিল নিত্য। এটার সাথে মুগদা হাসপাতালের বিভিন্ন পর্যায়ের লোকজন জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।



