পানি সঙ্কটে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে মাত্র দু’টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

গত বুধবার কেন্দ্রের ২ ও ৩ নম্বর ইউনিট থেকে মোট ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। অথচ কেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমের পর বর্ষা শুরু হলেও প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছায়নি। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে লেকের পানির উচ্চতা ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেল থাকার কথা থাকলেও তা নেমে এসেছে ৭৩ দশমিক ৯১ ফুটে। অর্থাৎ পানির স্তর স্বাভাবিকের তুলনায় ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, লেকে পর্যাপ্ত পানি না থাকায় তিনটি ইউনিট বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, অচিরেই ভারী বৃষ্টিপাত না হলে বন্ধ থাকা ইউনিটগুলো চালু করা সম্ভব হবে না।

পানি সঙ্কটের কারণে উৎপাদন কমে যাওয়ায় জাতীয় গ্রিডে জলবিদ্যুতের সরবরাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।