নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৮টার পর থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে তাদের একজন খুলনা বিভাগে, একজন ঢাকা বিভাগে এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দেশে গত ২৪ ঘণ্টায় যে এক হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এটা দেশের প্রকৃত ডেঙ্গু রোগীর চিত্র নয়। কেবল যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যাই স্বাস্থ্য অধিদফতর দিয়ে থাকে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বাই ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৫৮ জন। ঢাকার উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১০৯ জন। সব মিলিয়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে ৪৪৯ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন।
সারা দেশে গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৯৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে কেবল আগস্ট মাসের গত ৩০ দিনে ৩৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অপর দিকে জুলাইয়ের ৩১ দিনে দেশে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টের ৩০ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু জুলাইয়ের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে। এরপরই খুলনা বিভাগে ১৮ জন। ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে মারা গেছে ১১ জন। বাকিরা দেশের অন্যান্য বিভাগীয় হাসপাতালে মারা গেছে।



