বগুড়া অফিস
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসির প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নুরুল হুদা এবং পিডিবি ও নেসকোর শ্রমিক নেতারা।
বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো গঠন করা হয়। ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নেসকোর ৫১তম পরিচালনা পরিষদ সভায় ১৬টি জেলার ভৌগোলিক কেন্দ্রবিন্দু হিসেবে বগুড়ায় প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে তৎকালীন সরকার রাজনৈতিক অদূরদর্শিতা ও ভেদাভেদের কারণে এটি রাজশাহীতে সাময়িকভাবে চালু করে। এর ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর মতো দূরদূরান্তের প্রান্তিক গ্রাহকদের অফিসিয়াল কাজের জন্য চরম ভোগান্তি ও যাতায়াত ব্যয় বহন করতে হচ্ছে।
বক্তারা আরো উল্লেখ করেন, কার্যালয় স্থানান্তরিত হলে সরকারের বিপুল অঙ্কের অফিস ভাড়া বেঁচে যাবে এবং সেবা প্রদান অনেক দ্রুত হবে। বক্তারা অনতিবিলম্বে এটি স্থানান্তরের দাবি জানান।



