ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

ছাগলনাইয়ায় হাসপাতালে ভাঙচুর তদন্ত কমিটি গঠন

Printed Edition

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়া পৌর সদরের মানারাত হাসপাতালে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এবং হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোর রাতে একদল দুর্বৃত্ত হাসপাতালে হামলা চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করেছে। জামায়াত সংশ্লিষ্টতার তকমা দিয়ে একটি স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও হামলা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান।

জানা যায়, উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী মনিকা আক্তার (২৫) গত বৃহস্পতিবার গলায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে ফেনী সদর হাসপাতালের চিকিৎসক ইলিয়াছ ভূঁইয়া রোগীকে অ্যানেসথেসিয়া প্রয়োগ করার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর স্টার লাইন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে ভুক্তভোগীর স্বজন ও বহিরাগতরা বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাসপাতালে হট্টগোল করে। পরে ভোররাতে ভাঙচুর চালায়। সংবাদ সম্মেলনে অপ্রীতিকর পরিস্থিতিতে সহযোগিতার জন্য স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের বলেন, রোগীর স্বজনদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে থানা-পুলিশ নিশ্চিত করেছে।