ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশী নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানাবে বার্নহ্যাম

‘বার্নহ্যাম ও জেলেনস্কি একটি ব্রিটিশ নৌঘাঁটি পরিদর্শন করবেন। সেখানে তারা ইউক্রেনীয় সেনাদের যুদ্ধের প্রশিক্ষণে নিয়োজিত দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করবেন।’

নয়া দিগন্ত অনলাইন
ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর সোমবার প্রথম বিদেশী নেতা হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানাবেন অ্যান্ডি বার্নহ্যাম। কিয়েভের প্রতি লন্ডনের ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করাই এ সফরের উদ্দেশ্য।

ডাউনিং স্ট্রিট রোববার গভীর রাতে জানায়, বার্নহ্যাম ও জেলেনস্কি একটি ব্রিটিশ নৌঘাঁটি পরিদর্শন করবেন। সেখানে তারা ইউক্রেনীয় সেনাদের যুদ্ধের প্রশিক্ষণে নিয়োজিত দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করবেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, বার্নহ্যাম ‘দু’দেশের বন্ধন অটুট রাখার’ প্রতিশ্রুতি দেবেন। গত সোমবার কেয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জেলেনস্কির সাথে ফোনালাপে তিনি একই বার্তা দেন।

এক বিবৃতিতে বার্নহ্যাম বলেন, ‘ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে। আমাদের সমর্থন অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘রাশিয়ার এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইউক্রেনের জন্য দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না।’

এদিকে লন্ডন ঘোষণা দিয়েছে, যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ‘স্টোন ক্লোক’ নামে নতুন একটি ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মেধাস্বত্ব ইউক্রেনকে দেবে।

ডাউনিং স্ট্রিট জানায়, ট্যাবলেট কম্পিউটারের সমান আকারের এ সামরিক মানের জ্যামার ড্রোনে সংযুক্ত করা হয়। এটি ড্রোন উড্ডয়নের সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলো শনাক্ত ও লক্ষ্যবস্তুতে পরিণত করা কঠিন করে তোলে।

গত বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত দুই দেশের ১০০ বছরের অংশীদারত্ব চুক্তির আওতায় যৌথভাবে দ্রুত উদ্ভাবনের মাধ্যমে এ প্রযুক্তি তৈরি হয়েছে বলেও জানানো হয়।

লন্ডনের তথ্য অনুযায়ী, ইউক্রেনের ড্রোন অভিযান সচল রাখতে ইতোমধ্যে কয়েক হাজার জ্যামার কিয়েভকে উপহার দেয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, ‘স্টোন ক্লোক’ প্রযুক্তি ইউক্রেনে ব্যাপক উৎপাদন শুরু হলে এটি যুক্তরাজ্যের পরবর্তী প্রজন্মের দূরপাল্লার হামলা সক্ষমতার অংশ হবে।

বার্নহ্যাম বলেন, ‘স্টোন ক্লোক ব্রিটিশ উদ্ভাবনের সেরা উদাহরণ। এটি যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। আমাদের দুই দেশের নিরাপত্তা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সোমবারের সফরে বার্নহ্যাম ও জেলেনস্কি প্রায় ২০০ ইউক্রেনীয় সেনাসদস্য ও নৌসদস্যের সাথে সাক্ষাৎ করবেন। তারা গত তিন সপ্তাহ ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সামুদ্রিক নিরাপত্তা ও মাইন প্রতিরোধবিষয়ক মহড়ায় অংশ নিচ্ছেন।

ভবিষ্যতে কৃষ্ণসাগরে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, চার বছরের বেশি আগে রাশিয়ার হামলা শুরু করার পর থেকে ইউক্রেনে যুক্তরাজ্যের মোট সহায়তার পরিমাণ ২৫ বিলিয়ন পাউন্ড (৩৩ বিলিয়ন ডলার) ছাড়িয়েছে। এর মধ্যে ১৬ বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক সহায়তা।

জেলেনস্কির ওয়াশিংটন সফর মঙ্গলবার

গত সপ্তাহে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলেনস্কি মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন।

এছাড়া চলতি মাসের শুরুতে মারা যাওয়া ইউক্রেন-সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্তেষ্টিক্রিয়াও তার অংশ নেয়ার কথা রয়েছে। বাসস