আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে সন্দেহভাজন তেলবাহী ট্যাংকার টাগরকে ভুয়া পতাকা ব্যবহারের অভিযোগে আটক করে ফ্রান্সের বন্দরে নেয়া হয়েছে। এ ঘটনায় ক্রেমলিন জাহাজ জব্দকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে আটক সন্দেহভাজন তেলবাহী ট্যাংকারটি মঙ্গলবার ফ্রান্সের একটি বন্দরে পৌঁছেছে। ফরাসি নৌবাহিনী জাহাজটিকে ভুয়া পতাকা ব্যবহারের সন্দেহে আটক করেছিল।

গত বছরের সেপ্টেম্বরের পর এটি ফ্রান্সের জব্দ করা চতুর্থ জাহাজ। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এই ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করে বলে ধারণা করা হয়।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী রোববার সকালে আন্তর্জাতিক পানিসীমায় ‘টাগর’ নামের জাহাজটিতে অভিযান চালায়। জাহাজটির রুশ অধিনায়ক নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোর পর এটিকে আটক করে ফরাসি নৌবাহিনী।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ক্রেমলিন জাহাজ জব্দের এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছে।

এএফপির একজন প্রতিবেদক জানান, ‘টাগর’ মঙ্গলবার সকালে পশ্চিম ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের দোয়ারনেনে উপসাগরে পৌঁছায়।

ওপেন-সোর্স ডেটাবেস ওপেনস্যানকশন্স ডটঅর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া বা ইরানের তেল বহনের সন্দেহ রয়েছে জাহাজটির বিরুদ্ধে।

সূত্র : বাসস