দক্ষিণ কোরিয়ার রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া, ব্যয় ৬৩২ মিলিয়ন ডলার

দক্ষিণ কোরিয়ার তৈরি কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া। এ জন্য দেশটি ব্যয় করবে ৫৪৪ মিলিয়ন ইউরো, যা প্রায় ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার।

নয়া দিগন্ত অনলাইন
কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার
কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার |সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার তৈরি কে২৩৯ চুনমু মাল্টিপল রকেট লঞ্চার কিনবে ক্রোয়েশিয়া। এ জন্য দেশটি ব্যয় করবে ৫৪৪ মিলিয়ন ইউরো, যা প্রায় ৬৩২ মিলিয়ন মার্কিন ডলার।

ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রকেট লঞ্চারগুলোর পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক ব্যবস্থা সংগ্রহ করা হবে। ২০২৯ সালের মধ্যে এসব সরঞ্জাম হাতে পাওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা হিনা জানিয়েছে, ক্রোয়েশিয়া মোট ১৮টি রকেট লঞ্চার কিনবে।

কে২৩৯ চুনমু একটি আধুনিক ও মডুলার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা। এতে বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করা যায়। এর মধ্যে ১৩০ মিলিমিটার ও ২৩৯ মিলিমিটার ক্যালিবারের রকেটও রয়েছে।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ বলেছেন, ২০২১ সালে ১২টি ফরাসি রাফাল যুদ্ধবিমান কেনার পর এটি ১৯৯০-এর দশকে স্বাধীনতার যুদ্ধের পর দেশটির সেনাবাহিনী আধুনিকায়নে অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি আরো বলেন, ‘প্রথমবারের মতো আমরা অনেক দূরের লক্ষ্যবস্তুতে দ্রুত ও নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করছি।’

প্লেনকোভিচ বলেন, ক্রোয়েশিয়া কারো জন্য হুমকি তৈরি করতে নয়, বরং সম্ভাব্য হুমকি মোকাবেলা ও প্রতিরোধ, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ইউরোপের সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষায় অবদান রাখার জন্য সামরিক সক্ষমতা বাড়াচ্ছে।

এর আগে, ক্রোয়েশিয়া যুক্তরাষ্ট্রের তৈরি আটটি এইচআইএমএআরএস বা হিমার্স রকেট লঞ্চার কেনার চুক্তি করেছে। যেগুলোর সরবরাহ ২০২৮ সালে হওয়ার কথা রয়েছে।

ক্রোয়েশিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন— উভয়ের সদস্য।

২০২৫ সালে দেশটি প্রতিরক্ষা খাতে তার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৮ শতাংশ ব্যয় করেছে। ওই বছর প্রতিরক্ষা খাতে ব্যয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৯৩ বিলিয়ন ইউরো।

সূত্র : বাসস