ইউক্রেনের বিমান বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগিয়ে আসার সতর্কতা জারির পর বৃহস্পতিবার মধ্যরাতের কিছুক্ষণ পর কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির একজন সাংবাদিক এ তথ্য জানান।
তিনি জানান, ইউক্রেনের রাজধানীর আকাশে কয়েকটি উজ্জ্বল আলোর ঝলক দেখা যায়। এরপর পরপর কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে কিয়েভ সফরের কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হামলায় একটি গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি অনাবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
শহরটির মেয়র জানান, একই সময়ে উত্তর-পূর্ব ইউক্রেনের প্রধান শহর খারকিভেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
গত মাস থেকে রাশিয়া নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালিয়ে আসছে। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির হওয়ায় সেগুলো প্রতিহত করা তুলনামূলক কঠিন।
এ ধরনের হামলায় সাধারণত পর্যায়ক্রমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে পরপর বিস্ফোরণ ঘটে।
এদিকে যুক্তরাষ্ট্রের নকশায় তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছে কিয়েভ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা দেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমোদন দিতে চান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা আরো শক্তিশালী করতে চলতি বছরের শেষ নাগাদ এসব ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হতে পারে।
সূত্র: বাসস



