পুতিন-ট্রাম্প-শির বৈঠকের সম্ভাবনা নাকচ করেনি মস্কো

তবে এমন বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগে এর এজেন্ডা ও ফলাফল কী হবে, সেটিই এখন পরিষ্কার করা জরুরি বলে জানিয়েছে রাশিয়া।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি চিন পিং
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি চিন পিং |সংগৃহীত

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের সম্ভাবনা নাকচ করেনি মস্কো। তবে বৈঠকের আগে এজেন্ডা ও ফলাফল কী হবে, সেটিই এখন মূল প্রশ্ন। তবে এমন বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগে এর এজেন্ডা ও ফলাফল কী হবে, সেটিই এখন পরিষ্কার করা জরুরি বলে জানিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স, রোববার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা মস্কো নাকচ করছে না। তবে বৈঠক আয়োজনের প্রকৃত প্রস্তুতিতে যাওয়ার আগে এর আলোচ্যসূচি কী হবে, তা বুঝে নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রিয়াবকভ। তিনি বলেন, ‘এখানে মূল প্রশ্ন হলো, বৈঠকের মূল বিষয়বস্তু কীভাবে নির্ধারণ করা হবে এবং এর ফলাফল হিসেবে আমরা কী আশা করতে পারি।’

চলতি মাসের শুরুতে ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ এমন একটি বৈঠকের সম্ভাবনার কথা তুলেছিলেন। তিনি বলেছিলেন, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি চিন পিংয়ের মধ্যে বৈঠক হতে পারে।

তিন পরাশক্তির তিন নেতাকে একই টেবিলে বসানোর সম্ভাবনা এখনো তাই পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না মস্কো। তবে সেই টেবিলে আসলে কী নিয়ে কথা হবে—রাশিয়ার ভাষায়, এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটিই।